হজে সুযোগ পাবেন ৫৭৫৮৫ বাংলাদেশি

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ০৬:১৬ এএম

চলতি বছর সৌদি আরব এবং এর বাইরের ১০ লাখ মুসল্লি হজে অংশ নিতে পারবেন বলে আগেই নিশ্চিত করা হয়েছিল। কোন দেশ থেকে কতজন হজযাত্রী হজ পালন করতে পারবেন এবার সে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়। সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ বছর ইন্দোনেশিয়া থেকে সবচেয়ে বেশি মানুষ হজ পালনের সুযোগ পাবেন। দেশটি থেকে হজ করতে পারবেন ১ লাখ ৫১ জন হজযাত্রী। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। দেশটি থেকে ৮১ হাজার ১৩২ জন হজ পালনের সুযোগ পাবেন। তৃতীয় অবস্থানে থাকা ভারত থেকে হজ পালনের সুযোগ পাবেন ৭৯ হাজার ২৩৭ জন হজযাত্রী। চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। দেশটি থেকে এবার ৫৭ হাজার ৫৮৫ জন হজযাত্রী হজ পালনের সুযোগ পাবেন। আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা থেকে সবচেয়ে কম মানুষ এবার হজ পালনের সুযোগ পাবেন। দেশটি থেকে এ বছর হজে যাওয়ার অনুমতি পেয়েছেন মাত্র ২৩ জন।

অপরদিকে আফ্রিকার দেশগুলোর মধ্যে নাইজেরিয়া থেকে সবচেয়ে বেশি মানুষ হজ পালনের সুযোগ পাবেন। দেশটি থেকে হজ পালন করতে পারবেন ৪৩ হাজার ৮ জন।

ইরান থেকে এ বছর হজ পালন করতে পারবেন ৩৮ হাজার ৪৮১ জন, তুরস্ক থেকে ৩৭ হাজার ৭৭০ জন এবং মিসর থেকে ৩৫ হাজার ৩৭৫ জন। যুক্তরাষ্ট্র থেকে হজ পালন করতে পারবেন ৯ হাজার ৫০৪ জন, রাশিয়া থেকে ১১ হাজার ৩১৮ জন, চীন থেকে ৯ হাজার ১৯০ জন, থাইল্যান্ড থেকে ৫ হাজার ৮৮৫ জন এবং ইউক্রেন থেকে ৯১ জন।

এর আগে সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় যে, চলতি বছর ১০ লাখ মানুষ হজ করার সুযোগ পাবেন। এর মধ্যে বিভিন্ন দেশ থেকে ৮৫ শতাংশ মানুষ হজ পালনের সুযোগ পাবেন। সৌদির অভ্যন্তর থেকে হজ পালনের সুযোগ পাবেন দেড় লাখ মানুষ এবং সৌদির বাইরে থেকে হজের অনুমতি পাচ্ছেন সাড়ে ৮ লাখ মানুষ।

দুই বছরের বেশি সময় ধরে করোনা মহামারীর কারণে বেশি সংখ্যক মানুষকে হজ পালনের অনুমতি দিতে পারছে না সৌদি আরব। কয়েক বছর ধরেই নানা বিধিনিষেধের মধ্য দিয়ে হজ পালন করতে হচ্ছে। চলতি বছর হজ পালনের ক্ষেত্রে দুটি শর্ত দেওয়া হয়েছে দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে। একটি হচ্ছে হজযাত্রীদের বয়স ৬৫ বছরের ঊর্ধ্বে হওয়া যাবে না এবং প্রত্যেক হজযাত্রীকে করোনাভাইরাসের টিকার দুই ডোজই গ্রহণ করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত