ভারতে বাড়ছে করোনা সংক্রমণ শীর্ষে দিল্লি

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ০৬:৩৩ এএম

ভারতে আরও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গতকাল শনিবার দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে আড়াই হাজার। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫২৭ জন। গত শুক্রবারের তুলনায় যা সামান্য বেশি। তবে এই নিয়ে টানা চার দিন ২ হাজারের ওপরেই রয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, গত ১৫ ও ১৬ এপ্রিল ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা হাজারের নিচে থাকলেও গত ১৭ এপ্রিল থেকে সংক্রমণের ছবিটা বদলাতে শুরু করেছে। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা শুক্রবারের তুলনায় কমেছে। গত ২৪ ঘণ্টায় কভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৩ জনের। এর মধ্যে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ৩১ জন এবং দিল্লিতে মারা গেছেন দুজন।

শনিবার ভারতে দৈনিক সংক্রমণের হার ০.৫৬ শতাংশ। এছাড়া ১৫ হাজার ছাড়িয়েছে সক্রিয় রোগীর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী শনিবার সক্রিয় রোগীর সংখ্যা ১৫ হাজার ৭৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৫৬ জন। দৈনিক সংক্রমণের দিক দিয়ে ভারতে শীর্ষস্থানে উঠে গেছে দিল্লি। প্রতিবেশী এই দেশটির রাজধানীতে দৈনিক সংক্রমণ হাজার ছাড়িয়ে গেছে, যা চিন্তা বাড়াচ্ছে সরকারের। ফলে করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে।

সংক্রমণের পরিস্থিতির দিকে নজর রেখে ফের রাজধানী দিল্লিতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি মাস্ক না পরলে ৫০০ টাকা জরিমানারও নির্দেশ দেওয়া হয়েছে। অন্য রাজ্যগুলোও পরিস্থিতির দিকে নজর রেখে আগাম সতর্কতামূলক পদক্ষেপ নিতে শুরু করেছে। কয়েক দিন আগেই দিল্লির পার্শ্ববর্তী উত্তরপ্রদেশের ৬টি জেলা এবং লক্ষেèৗয়ে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। পাঞ্জাব সরকারও রাজ্যবাসীকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে। এছাড়া চারটি জেলায় সংক্রমণ বাড়ায় হরিয়ানা আগেই মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত