দিনাজপুর জেলা বিএনপির কাউন্সিল ঘিরে সভাপতি, সাধারণ সম্পাদকসহ সাতটি পদের বিপরীতে সাড়ে ১১ লাখ টাকার মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পদগুলোর বিপরীতে ১৬ জন এ পরিমাণ অর্থ দিয়ে মনোনয়ন ফরম কিনেন।
জানা গেছে, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরমের মূল্য ১ লাখ টাকা। সিনিয়র সহ-সভাপতি পদে ৭৫, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৫০ ও সাংগঠনিক পদে ৫০ হাজার টাকা করে মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়।
সভাপতি পদে মো. আবদুল হালিম, মো. মোফাজ্জল হোসেন দুলাল, মো. সাদিক রিয়াজ চৌধুরী পিনাক ও মো. হাফিজুর রহমান সরকার; সিনিয়র সহ-সভাপতি পদে মো. খালেকুজ্জামান বাবু ও মো. মোকাররম হোসেন; সাধারণ সম্পাদক পদে মো. আখতারুজ্জমান জুয়েল ও বখতিয়ার আহমেদ কচি; যুগ্ম সম্পাদক পদে মো. শাহিন খান, মোস্তফা কামাল মিলন ও মুরাদ আহমেদ; সাংগঠনিক সম্পাদক পদে মো. আমিনুল ইসলাম মুন্না, আনিসুর রহমান বাদশা, মো. জাহাঙ্গীর আলম, মো. সোহেল নিশাত ও হাসনা হেনা হিরা মনোনয়র ফরম কিনেছেন।
আগামী ১৪ মে জেলা বিএনপির কাউন্সিল হবে। এতে ১৩টি উপজেলা ও ৯টি পৌরসভার ২২টি ইউনিটের মধ্যে দুটি ছাড়া সবকটিতে নেতা নির্বাচনে প্রায় ১ হাজার ৯০০ ভোটার ভোট দেবেন। এ নির্বাচন পরিচালনায় তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে আশফাক আহম্মদকে। দুই নির্বাচন কমিশনার হলেন শামিম বিন গোলাম পার্ল ও ফখরুদ্দিন আলী আশরাফ রঞ্জু।
২০১০ সালের ২৬ জানুয়ারি সর্বশেষ দিনাজপুর বিএনপির কাউন্সিল হয়। ২০১৬ সালের আগস্টে ওই কমিটি ভেঙে দিয়ে ১৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতদিন জেলা বিএনপির কার্যক্রম আহ্বায়ক কমিটিই চালিয়ে আসছে।
জেলা বিএনপির কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. আনিসুর রহমান চৌধুরী বলেন, ‘নানা প্রতিকূলতায় চূড়ান্ত ভোটার তালিকা করা সম্ভব হয়নি। আশা করছি, কাল (আজ) একটি তালিকা দেওয়া সম্ভব হবে। এতে ভোটার কিছু বাড়তে পারে।’
