ম্যানহাটনে ‘রিকশা গার্ল’

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১১:৫৩ পিএম

অমিতাভ রেজা চৌধুরীর চলচ্চিত্র ‘রিকশা গার্ল’-এর প্রিমিয়ার হতে যাচ্ছে নিউ ইয়র্কের ম্যানহাটনে। আগামী ৫ মে শহরটির বিখ্যাত মুভি থিয়েটার ‘ভিলেজ ইস্ট বাই অ্যাঞ্জেলিকা’য় সাড়া জাগানো এই সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। নির্মাতা অমিতাভ রেজা ছাড়াও ম্যানহাটনে ‘রিকশা গার্ল’-এর প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রের অভিনয়শিল্পী নভেরা রহমান, মোমেনা চৌধুরীসহ অন্যরা। পাশাপাশি একটি প্রশ্নোত্তরপর্বে অংশ নিতে পারবেন দর্শকরা। অমিতাভ রেজা বলেন, ‘দেশের বাইরের দর্শকদের কাছে ছবিটি পৌঁছে দিতে এবং বাংলাদেশের সিনেমাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে ‘রিকশা গার্ল’ নিয়ে আমরা বড় বড় সব চলচ্চিত্র উৎসব ও শহরে হাজির হয়েছি। ম্যানহাটনের মতো বৈচিত্র্যময় শহরে এই ছবির প্রিমিয়ার করতে পেরে আমার ভিন্ন রকম অনুভূতি হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘যেহেতু রিকশা গার্ল সিনেমার গল্পটি যুক্তরাষ্ট্রের একজন লেখকের কিশোরসাহিত্য থেকে নেওয়া এবং বইটিও বেশ পাঠকপ্রিয়- আমার প্রত্যাশা সেখানের বাসিন্দারা চলচ্চিত্রটি বেশ উপভোগ করবেন।’ ছবিটি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ‘প্রেসকট ফিল্ম ফেস্টিভ্যাল’, জার্মানির ‘শ্লিঙ্গেল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে ও সিনেমা সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত