রাজধানীর নিউমার্কেটে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ী ও কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় রাজনৈতিক বিবেচনায় নয়; বরং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই বিএনপি নেতা মকবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, ‘রাজনৈতিকভাবে কাউকে হয়রানি করা হচ্ছে না; কিংবা কাউকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে না।’
গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর বকশীবাজারে কারা কনভেনশন সেন্টারে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
মন্ত্রী বলেন, ‘তথ্য-প্রমাণের ভিত্তিতেই পদক্ষেপ নিচ্ছে পুলিশ প্রশাসন।’ তিনি বলেন, নিউমার্কেটে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুটো খুনের মামলা হয়েছে। ভাঙচুরের মামলা হয়েছে। এগুলোতে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে ধরা হয় না। তাই প্রমাণের ব্যাপার আছে, তদন্তের ব্যাপার আছে। আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা কোনো দিনও ঘটনার সত্যতা না পেলে কাউকে গ্রেপ্তার করে না।
