ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপনে প্রকল্প ব্যবস্থাপনা পরামর্শক হিসেবে ভারতের মাহিন্দ্রা ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টকে নিয়োগ দেওয়া হয়েছে। দেশের দ্বিতীয় জিটুজিভিত্তিক এ অর্থনৈতিক অঞ্চল স্থাপনে গতকাল বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন।
ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে ২০১৫ সালের জুনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এরই অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে সাব-জোন ১৯-এ প্রায় ৯০০ একর ভূমির ওপর ভারতীয় অর্থনেতিক অঞ্চল স্থাপনের জন্য ‘মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন’ সংক্রান্ত একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে, ভারতীয় বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য একটি পৃথক অঞ্চল প্রতিষ্ঠা করা। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৯৬৪ কোটি ৮৫ লাখ টাকা। এ প্রকল্পের মূল কাজ ভূমি উন্নয়ন, সংযোগ সড়ক, প্রশাসনিক ভবন, নিরাপত্তা ব্যবস্থা, পানি সরবরাহ ব্যবস্থা, টেলিকমিউনিকেশন, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টসহ অন্যান্য বিনিয়োগবান্ধব স্থাপনা নির্মাণ করা। এ পরিপ্রেক্ষিতে এসব কাজের ডিজাইন ও সুপারভিশন সংক্রান্ত কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে পরামর্শক প্রতিষ্ঠান মাহিন্দ্রা ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টকে নিয়োগ দেওয়া হয়েছে।
উক্ত চুক্তিপত্রের মোট মূল্যমান হচ্ছে ২৬ কোটি ৬৬ লাখ টাকা। আদানি পোর্টস অ্যান্ড এসইজেড লিমিটেড ভারত সরকারের নির্বাচিত প্রতিষ্ঠান উক্ত অঞ্চলের ডেভেলপার প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। গত ৪ এপ্রিল ভারতের আদানি পোর্টস অ্যান্ড এসইজেড লিমিটেডের মধ্যে ডেভেলমেন্ট এগ্রিমেন্টবিষয়ক একটি টার্ম শিট চুক্তি ভারতের মুম্বাইয়ে স্বাক্ষর হয়েছে। এসব চুক্তির মাধ্যমে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নের জন্য পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ভারতীয় অর্থনৈতিক অঞ্চল পরিচালনার জন্য কোম্পানি গঠনসহ অন্যান্য প্রক্রিয়া পর্যায়ক্রমে শুরু হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেজার পক্ষে চুক্তি সই করেন ‘মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রকল্প’-এর প্রকল্প পরিচালক মো. মোখলেসুর রহমান এবং ভারতের মাহিন্দ্রা ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার শ্রীনিভাসান।
অনুষ্ঠানে বক্তব্যে বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ভারত এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ ও দ্বিপক্ষীয় এক অসাধারণ সম্পর্ক বিরাজ করছে। ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপনের ফলে দু’দেশের অর্থনৈতিক মিথষ্ক্রিয়া আরও অটুট হবে। তিনি আরও বলেন, এই অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের ফলে সামগ্রিকভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এ অঞ্চলকে সফলরূপে বাস্তবায়ন করতে তার সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, এ উদ্যোগ এক বিশাল কর্মযজ্ঞের সূচনামাত্র এবং একটি পরিকল্পিত ভারতীয় অর্থনৈতিক অঞ্চল তৈরির মাধ্যমে তার সফল পরিসমাপ্তি ঘটবে। তিনি বলেন, মাহিন্দ্রা ইঞ্জিনিয়ারিংয়ের অভিজ্ঞতা এবং কারিগরি জ্ঞানের সম্মিলনে একটি আন্তর্জাতিক মানের ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হবে।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ চট্টগ্রাম জেলার মিরসরাই ও ফেনী জেলার সোনাগাজী উপজেলায় প্রায় ৩০ হাজার একর জমির ওপর একটি পূর্ণাঙ্গ শিল্পশহর ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর’ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। শিল্প নগরটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে মাত্র ১০ কিলোমিটার ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে মাত্র ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত।
