নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় ছুরিকাঘাতে এক গার্মেন্টস শ্রমিককে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম জাহিদ হাসান (২৮)। গতকাল সামবার সকাল ৬টার দিকে ফতুল্লা থানার মাসদাইর শেরেবাংলা সড়কে এ হত্যাকা-ের ঘটনা ঘটে।
নিহত জাহিদ কুমিল্লা জেলার দেবিদ্বার থানার শ্রীপুরের শহিদুল্লাহর ছেলে ও ফতুল্লা থানার গলাচিপার হুমায়ুন কবিরের ভাড়াটিয়া। তিনি শোভন গার্মেন্টেসের প্রিন্ট সেকশনে কাজ করতেন।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম জানান, নিহত জাহিদ সকাল ৬টার দিকে বাসা থেকে নিজ কর্মস্থলে আসছিলেন। পথিমধ্যে শেরেবাংলা রোড এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়।
পরে তাকে স্থানীয় পথচারী ও সহকর্মীরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শহরের জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসারত অবস্থায় সকাল ৭টার দিকে মারা যান। কী কারণে তাকে হত্যা করা হয়েছে এবং কারা জড়িত তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে তিনি জানান।
