ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর দুই দিনের সফরে আগামী বৃহস্পতিবার ঢাকা আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানাতেই তিনি ঢাকায় আসছেন বলে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, জয়শঙ্কর এ সফরের প্রথম দিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং ভারত সফরের আমন্ত্রণপত্র তুলে দেবেন। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের জুনের মাঝামাঝি দেশটিতে সফর করতে পারেন প্রধানমন্ত্রী। এ ছাড়া ঢাকা সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ২০১৯ সালের অক্টোবরে চার দিনের সফরে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত বাণিজ্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন শেখ হাসিনা। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
এদিকে রাইসিনা সংলাপে যোগ দিতে তিন দিনের সফরে গতকাল নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এ সফরে সংলাপের তিনটি গুরুত্বপূর্ণ সেশনে অংশ নেবেন তিনি। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও এ সংলাপে অংশ নেবেন।
