রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে চুরি-ছিনতাই চক্রের মূল হোতাসহ ৩১ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ৩০টি ট্যাব, ৭১৭টি স্মার্টফোন, ৭৯৩টি বাটন মোবাইল, ২৮টি ল্যাপটপ ও ৫৫ হাজার ৬৪৭ টাকা জব্দ করা হয়। গত সোমবার রাতভর র্যাব-৩-এর ৭টি দল লালবাগ, পল্টন, গুলিস্তান, বায়তুল মোকাররম, মতিঝিল, খিলগাঁও, হাতিরঝিল, ওয়ারীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
গতকাল দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, র্যাব-৩-এর আওতাধীন এলাকায় অন্তত ২০টির বেশি মোবাইল ছিনতাইকারী চক্র রয়েছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে কয়েক দিন ধরে মোবাইল ছিনতাই, চোরাই মোবাইল ফোন কেনাবেচা করে আসছিল চক্রটি।
