সানড্যান্স-বুসান… কী বাপের নাম দেখে ইনভাইট করে, প্রশ্ন নুহাশের

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ০৫:০২ পিএম

হুমায়ূন আহমেদের ছেলে নুহাশ হুমায়ূন একটি সংবাদমাধ্যমের লাইভ অনুষ্ঠানে অতিথি হয়ে বিব্রত হয়েছেন বলে অভিযোগ তুলেছেন। তিনি তার অভিযোগের বিষয়টি তার ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন।

কথাসাহিত্যিক ও চলচ্চিত্রনির্মাতা বাবা হুমায়ূন আহমেদের জন্য তিনি এই পর্যন্ত আসতে পেরেছেন কিনা- এমন একটি প্রশ্ন করার কারণে তিনি বিব্রত হয়েছেন বলে জানান।

ওই লাইভ শেষ করে তিনি তার ফেসবুক পেজে লেখেন, ‘বাংলাদেশে রিপোর্টিং যদি আরেকটু সম্মানজনক হতো! একটু আগে আমি লাইভ ইন্টারভিউতে ছিলাম; ভেবেছিলাম ‘ষ’ নিয়ে কথা হবে। সেখানে আমাকে প্রশ্ন করা হলো, যদি আমার বাবা (হুমায়ূন আহমেদ) না হতেন, তাহলে আমি এই অবস্থানে আসতে পারতাম কি না? আমি জানি না আন্তর্জাতিক একজন প্রশংসিত নির্মাতাকে আপনারা এই প্রশ্ন করেন কীভাবে? আপনাদের কি মনে হয়, সানড্যান্স, বুসান, এএক্সএসডাব্লিউ, মার্শে দ্যু ফিল্ম- বাপের নাম দেখে তারা ইনভাইট করে?’

গত ২৬ এপ্রিল রাত ৮টায় নুহাশ ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। আয়োজনের ১১ মিনিট ৫৫ সেকেন্ডে সঞ্চালক নুহাশের কাছে প্রশ্ন করেন, ‘যদি আপনি নুহাশ হুমায়ূন না হতেন, হুমায়ূনপুত্র না হতেন, তাহলে কি আপনি যেখানে ছিলেন সেখানে থাকতেন বলে মনে হয়?’

উত্তরে নুহাশ বলেন, ‘এ জিনিসগুলো না আসলে, খুবই আরাম লাগে। ইন্টারন্যাশনালি সবাই আমাকে আমার কাজের জন্য চেনে।’

এরপর বলেন, ‘আমি ইন্টারন্যাশনালি সেলিব্রেটেড ফিল্মমেকার। ওখানে ফ্যামিলি-ট্যামিলি নিয়ে ভাবার স্পেস নাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত