৭ দিনের ম্যাগাজিন ‘অন্যরকম ঈদ’

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১২:৪৫ এএম

ম্যাগাজিন অনুষ্ঠান সাধারণত এক পর্বের হয়। কিন্তু বৈশাখী টিভির ‘অন্যরকম ঈদ’ কিছুটা ব্যতিক্রম। কারণ তথ্য ও বিনোদনমূলক এই ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের ৭ দিন বিকাল ৫টা ১৫ মিনিটে। আর চাঁদ রাতে রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে এর বিশেষ পর্ব। অন্যতম আকর্ষণ হিসেবে রয়েছে প্রখ্যাত চিত্রতারকা ইলিয়াস কাঞ্চনের অভিনয়। বিশেষ সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী নকুল কুমার বিশ্বাস। এছাড়াও রয়েছে নানা হাস্যরসে ভরা মজার মজার স্কিড। তাতে অভিনয় করেছেন শফিক খান দিলু, হায়দার আলী ও শাহীন খান, কাজল, জিল্লুর, আবদুল আজীজ, হান্নান শেলী, আশরাফ কবির, লিটন খন্দকার, দিপু, আকাশসহ অনেকেই। অনুষ্ঠানের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনা এইচ এম বরকতুল্লাহ। তিনি বলেন, ‘বর্তমানে বিনোদনের নামে অপসংস্কৃতি অশ্লীলতা অনাচার ক্রমশ গিলে খাচ্ছে আমাদের মানবিক মূল্যবোধ। এ থেকে উত্তরণের উপায় এবং সত্য, সুন্দর মানবিক উপস্থাপনা দেখা যাবে এই অনুষ্ঠানে। আমরা জানি, একটি শিশুর প্রথম শিক্ষা কেন্দ্র তার পরিবার। আমাদের পরিবারগুলোতে এখন নৈতিক শিক্ষার অভাবে অনেক সন্তান বড় হয়ে অন্ধকার জগতে চলে যাচ্ছে। নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে ও সমাজকে ক্ষতিগ্রস্ত  করছে। পারিবারিক শিক্ষার কারণেই একজন সন্তান যেমন আলোকিত মানুষ হতে পারে আবার সেই সন্তান হতে পারে অসৎ এবং বিপথগামী। এসব সচেতনতাই তুলে ধরা হয়েছে অন্যরকম ঈদ ম্যাগাজিনে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত