অপহরণ ও মুক্তিপণ দাবি

কুষ্টিয়ায় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ০১:০৮ এএম

কুষ্টিয়ার দৌলতপুর থানার বেগুনবাড়ি গ্রাম থেকে এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে করা মামলায় কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক সজিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল সন্ধ্যায় দৌলতপুরের বেগুনবাড়ি গ্রামে বেড়াতে আসা অন্য জেলার এক তরুণকে কল্যাণপুর জামের মসজিদের কাছের রাস্তা থেকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সেখান থেকে ওই তরুণকে তারা নিয়ে যায় মিরপুর থানার আমলা গ্রামের একটি বাড়িতে। পরে ওই তরুণের মোবাইল ফোন থেকে তার বোনকে কল করে দাবি করা হয় পাঁচ লাখ টাকা মুক্তিপণ।

দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, ভোর আনুমানিক চারটার দিকে অপহরণের মূল পরিকল্পনাকারী সজিবকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অপহরণে জড়িত ৭ জনকে শনাক্ত করে পুলিশ। পরে অপহৃতকে উদ্ধারে মিরপুর উপজেলার আমলা বিলপাড়া গ্রামে অভিযান চালিয়ে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় তরুণকে উদ্ধার করে পুলিশ। গতকাল বুধবার গ্রেপ্তার সজিবকে আদালতে সোপর্দ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত