ক্লোজআপ ওয়ানের প্রথম আসরের দুই রানারআপ রাজীব ও বিউটি অনেক আগেই তারেক আনন্দের কথায় কণ্ঠ দেন। রাজীবের 'যমুনার চর' ও বিউটির 'প্রেম সাধনা' গান দুটি শ্রোতারা বেশ পছন্দ করেন। গীতিকবির ইচ্ছা ছিল চ্যাম্পিয়নের কণ্ঠে একটি গান তুলে দেওয়া। অবশেষে সেই ইচ্ছা পূরণ হলো। নোলকের কণ্ঠে গতকাল বুধবার সন্ধ্যায় সাউন্ডটেক থেকে প্রকাশ হয়েছে 'সন্ধ্যাবাতি' গানের মিউজিক ভিডিও। গানটির সুর করেছেন খায়রুল ওয়াসী। সংগীতায়োজন করেন শাহরিয়ার রাফাত।
নোলক বাবু বলেন, আমার কণ্ঠে শ্রোতারা অনেক গান শুনেছেন এর আগে। সন্ধ্যাবাতি গানটি আমার ক্যারিয়ারের অন্যতম এক সিগনেচার গান হতে যাচ্ছে। আমি যদি পাঁচশ গানে কণ্ঠ দিয়ে থাকি তাহলে এই গান আমার পছন্দের প্রথম সারিতে। সন্ধ্যাবাতি গানে শ্রোতারা সেই নোলক বাবুকেই খুঁজে পাবেন।
সুরকার খায়রুল ওয়াসী বলেন, নোলক ভাইয়ের জন্য সুর করতে পেরে অনেক ভালো লাগছে। তার কন্ঠটাকে মাথায় রেখে সুর করেছি। গানটি শ্রোতাদের ভালো লাগবে।
শাহরিয়ার রাফাত বলেন, গানের কথা, সুর খুবই দারুণ। যথাসাধ্য চেষ্টা করেছি ভালো সংগীতায়োজনের। শ্রোতাদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।
