দেশের বিভিন্ন জেলায় গত কয়েক দিনে তাপমাত্রা অনেক বেড়েছে। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছেন শিশু থেকে শুরু করে বয়স্করা। গরমে অনেকে অসুস্থও হয়ে পড়ছেন। এই গরমে নিজেকে সুস্থ রাখতে কয়েকটি বিষয়ে মনোযোগ দেওয়া জরুরি
* গরমে সুস্থ থাকতে প্রচুর পানি খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, গরমে শারীরিক বিভিন্ন সমস্যার মূল কারণ শরীরে পানির অভাব। তাই তেষ্টা না পেলেও পানি খেতে হবে।
* শরীর ঠাণ্ডা করতে আইস ওয়াটার বা ঠা-া পানিতে বারবার গোসল করা যেতে পারে। গরমে শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখাটাই বড় চ্যালেঞ্জ। প্রচণ্ড গরমে শরীরের তাপমাত্রা বেড়ে যায়। ঠাণ্ডা পানিতে গোসল করলে শরীরের তাপমাত্রায় ভারসাম্য আসবে। তবে যাদের ঠাণ্ডাজনিত সমস্যা আছে, তাদের এই সময়ে ২/১ বারের বেশি গোসল করা উচিত না।
* গরমে ত্বক লাল হয়ে যেতে পারে। অনেকটা অংশ জুড়ে র্যাশ বের হতে পারে। একে হিট র্যাশ বলা হয়। হিট র্যাশ এড়াতে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। রোদ এড়িয়ে ছায়া বা ঠান্ডা জায়গায় থাকলে এই সমস্যা এড়ানো যেতে পারে।
* অতিরিক্ত ঘাম হলে, নাড়ির গতি দুর্বল হলে ও এসব কিছুর সঙ্গে গা গোলানো ভাব বা বমি হওয়া, মাথা ব্যথা এবং দুর্বলতা থাকলে ধরে নিতে হবে হিট এগজশনে আক্রান্ত হয়েছেন। এ ধরনের অসুস্থতা বোধ করলে পোশাক ঢিলে করে দিতে হবে। ঘাড়ে, গলায় ভেজা কাপড় দিয়ে মোছার পাশাপাশি বেশি করে পানি খাওয়া, রোদে থাকলে দ্রুত ছায়া আছে এমন জায়গায় আশ্রয় নিতে হবে।
