শিক্ষামন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে চাঁদপুর ডিসির মামলা

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১২:৫৪ এএম

চাঁদপুরের হাইমচরে মেঘনার দুর্গম চরে প্রায় সাড়ে ৪৮ একর সরকারি খাস জমি আত্মসাতের অভিযোগ এনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বড় ভাই ডা. জাওয়াদুর রহিম ওয়াদুদ টিপুসহ ২৫ জনের বিরুদ্ধে দেওয়ানি মামলা করেছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলা জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে সরকার পক্ষে বাদী হয়ে মামলাটি করেন তিনি।

এতে শিক্ষামন্ত্রীর ভাই টিপু, হাইমচর উপজেলা আওয়ামী লীগ নেতা হুমায়ুন পাটোয়ারী এবং সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাহউদ্দিন সরদারসহ ২৫ জনকে আসামি করা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে চাঁদপুর সদর জ্যেষ্ঠ সহকারী জজ মোহাম্মদ মহিউদ্দিন ৩১ মে শুনানির জন্য ধার্য করেছেন।

বিষয়টি স্বীকার করলেও এ মামলা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি সরকারি কৌঁসুলি আবদুর রহমান। 

মামলার বিবরণী থেকে জানা গেছে, হাইমচর উপজেলার মেঘনার দুর্গম চরের সোনাপুর-তাজপুর প্রকাশ্যে বাহেরচর মৌজায় ১৯৫০ সালে চর জেগে ওঠে; যা পরে পয়স্তি ভূমি হিসেবে চিহ্নিত হয়। এমন পরিস্থিতিতে সরকারি খাস জমি হওয়ায় এ, বি ও সি ক্যাটাগরি করে তা স্থানীয় কৃষকদের মধ্যে ইজারা দেওয়া হয়। কিন্তু এক নম্বর বিবাদীসহ অন্যরা ভুয়া ও জাল দলিল তৈরি করে সেখানে প্রায় সাড়ে ৪৮ একর জমি হাতিয়ে নেন। গত ১৫ ফেব্রুয়ারি বিষয়টি জেলা প্রশাসনের নজরে পড়ে। সবকিছু যাচাই-বাছাই করে সরকারি জমি উদ্ধারে এ দেওয়ানি মামলা করা হয়।

এ মামলার প্রধান আসামি ডা. জাওয়াদুর রহিম টিপু বর্তমানে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন। তার সঙ্গে বোন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিও রয়েছেন। টিপু চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত