রাঙ্গামাটি-কাপ্তাই সড়কে একটি নির্মাণাধীন সেতুর গার্ডার ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। তার নাম রফিক (৪৫)। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা গুরুতর। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। রফিকের বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশায়।
রাঙ্গামাটি শহর থেকে আসাম বস্তি হয়ে কাপ্তাই ১৯ কিলোমিটার সড়কের একাধিক স্থানে ঝুঁকিপূর্ণ বিবেচনায় সড়কে সেতু নির্মাণ করছিল স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। বিভাগটির হয়ে এই কাজগুলো করছিলেন জসিমউদ্দিন নামে এক ঠিকাদার। ১২০ মিটার দৈর্ঘ্যরে সেতুটির ৩৬ মিটার ধসে পড়েছে বলে নিশ্চিত করেছে নির্মাণকারী প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। সেতুটির নির্মাণব্যয় প্রায় ৪ কোটি ৭৫ লাখ টাকা।
রাঙ্গামাটি সদর উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী প্রণব রায় চৌধুরী জানিয়েছেন, ঠিকাদারি প্রতিষ্ঠান যেস্থানে ঢালাই হচ্ছিল সেটার ওপরই মিক্সচার মেশিন রেখে কাজ করছিল। ফলে অতিরিক্ত ভাইব্রেশনে স্প্যানের জয়েন্টে সমস্যা হতে পারে। ফলে কাজ শুরু করার ১৫-২০ মিনিটের মধ্যেই মিক্সচার মেশিনসহ গার্ডারের মধ্যবর্তী ঢালাইয়ের জন্য প্রস্তুত করা ৩৬ মিটার অংশ ধসে পড়েছে।
রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ মাহমুদা বেগম জানিয়েছেন, এ ঘটনায় অবহেলাজনিত কারণে মামলা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমদ শফি বলেন, এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে কথা বলার জন্য ঠিকাদার জসিমউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। নানাভাবে যোগাযোগের চেষ্টা করে করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
