নরসিংদীয় রায়পুরায় রেললাইনের পাশে আম কুড়াতে গিয়েছিল দুই শিশু। তারা এক লাইনে দাঁড়িয়ে আরেক লাইনের চলন্ত ট্রেন দেখছিল। এ সময় তাদের দাঁড়িয়ে থাকা লাইনে একটি ট্রেন এলে কাটা পড়ে দুই শিশু। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার পলাশতলী ইউনিয়নের সাহাপুর এলাকায় ঢাকামুখী তিতাস কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে তারা।
কাটা পড়া দুই শিশু হলো উপজেলার পলাশতলী ইউনিয়নের সাহাপুর গ্রামের দীন ইসলামের ছেলে জোবায়েদ মিয়া (১১) এবং শেরপুর কান্দাপাড়া এলাকার কাউসার আহমেদের ছেলে সিয়াম আহমেদ আতিকুল (১০)।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার সকালে রেললাইনের পাশে একটি আমগাছের নিচে আম কুড়াতে গিয়েছিল দুই শিশু। পরে চট্টগ্রাম অভিমুখী একটি কনটেইনার ট্রেন এলে তারা পাশের রেললাইনে গিয়ে দাঁড়িয়ে তা দেখছিল। এ সময় পাশের রেললাইন দিয়ে ঢাকামুখী তিতাস কমিউটার ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তারা মারা যায়। পরে নরসিংদী রেলওয়ে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নরসিংদী রেলওয়ে পুলিশের পরিদর্শক (ইনচার্জ) ইমায়েদুল জাহেদী বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
রাজধানীতে অজ্ঞাত পরিচয়ের যুবকের মৃত্যু : এদিকে রাজধানীর খিলক্ষেত বনরুপা এলাকার রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি মারা গেছেন। তার বয়স আনুমানিক ২৮ বছর। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এএসআই) কামরুল হাসান দেশ রূপান্তরকে জানান, নিহতের পরিচয় জানা যায়নি। বনরুপা রেলক্রসিংয়ে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের নিচে কাটা পড়েন ওই যুবক।
