ম্যাচের শুরুতে দুই গোলে পিছিয়ে পড়ার পরও দুর্দান্ত প্রত্যাবর্তনে এগিয়ে যাওয়া। তারপরও জয় নিয়ে মাঠ ছাড়তে পারল না বরুশিয়া ডর্টমুন্ড।
৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে হ্যাটট্রিক করেও দলকে জেতাতে পারলেন না আর্লিং ব্রট হালান্দ। বুন্দেসলিগায় ঘরের মাঠে বোখুমের বিপক্ষে ৪-৩ গোলে হেরেছে মার্কো রোজের দল।
ম্যাচের মাত্র তৃতীয় মিনিটে সেবাস্তিয়ান পোল্টারের গোলে এগিয়ে যায় বোখুম। এর পাঁচ মিনিট পর দলের ব্যবধান দ্বিগুণ করেন হল্টমান। এরপর সমতায় ফিরতে মরিয়া আক্রমণ চালায় ডর্টমুন্ড। সুযোগও পেয়ে যায় জার্মান জায়ান্টরা। প্রথমার্ধেই গোল শোধ দেয় রোজের দল।
১৮ ও ৩০তম মিনিটে সফল দুই পেনাল্টিতে ডর্টমুন্ডকে সমতায় ফেরান হালান্দ। ৬২তম মিনিটে দলকে এগিয়েও দেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। সেই সঙ্গে পূর্ণ করেন হ্যাটট্রিক। কিন্তু ব্যবধান ধরে রাখতে পারেনি ডর্টমুন্ড।
৮১তম মিনিটে লোকাদিয়ার গোলে সমতায় ফিরে লড়াই জমিয়ে তোলে বোখুম। আর সেই থ্রিলারে চার মিনিট পর পেনাল্টি থেকে দলকে জয়সূচক গোল এনে দেন পেন্তোভিচ। বাকি সময় চেষ্টা চালিয়েও সমতায় ফিরতে পারেনি ডর্টমুন্ড।
এই জয়ে ৩২ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তালিকার ১১তম স্থানে উঠে এলো বোখুম। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ডর্টমুন্ড। ৭৫ পয়েন্ট নিয়ে চলতি মৌসুমের শিরোপা আগেই নিশ্চিত করে ফেলেছে বায়ার্ন মিউনিখ। তবে মাইঞ্জের মাঠে গিয়ে বাভারিয়ানরা ৩-১ গোলে হেরেছে।
