শিরোপা নিশ্চিত করার জন্য রিয়াল মাদ্রিদের দরকার ছিল মাত্র এক পয়েন্ট। ঘরের মাঠে শিরোপা উদ্যাপনের সুযোগ হাতছাড়া করেনি কার্লো আনচেলত্তির দল। সান্তিয়াগো বার্নাব্যুতে রদ্রিগোর জোড়া গোলে এস্পানিওলকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেয় স্প্যানিশ জায়ান্টরা
সেই সঙ্গে ৩৫তম লা লিগা জয়ের আনন্দে মেতে উঠে রিয়াল। ৮১ পয়েন্ট নিয়ে শিরোপা পুনরুদ্ধার করল স্প্যানিশ জায়ান্টরা। দুইয়ে থাকা সেভিয়ার চেয়ে ১৭ পয়েন্ট এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হলো রিয়াল।
বার্নাব্যুতে এল ক্লাসিকোতে বার্সেলোনা বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর লিগে টানা পাঁচ ম্যাচ জিতে শিরোপা নিশ্চিত করল ব্লাঙ্কোসরা। তবে শিরোপা জয়ের পর কাতালান জায়ান্টদের নিয়ে বিদ্রূপ করলেন রিয়ালের গোলরক্ষক থিবু কোর্তোয়া।
মৌসুমের শেষ ক্লাসিকোতে যখন বার্সা জিতেছিল তখন বার্নাব্যুতে শিরোপা জয়ের মতো আনন্দে আত্মহারা হয়ে উঠে তারা। যা মোটেও ভালো লাগেনি কোর্তোয়ার। অথচ জাভির শিষ্যদের পুরো মৌসুম কাটছে ট্রফিহীন।
এবার লা লিগা পুনরুদ্ধার করে বার্সাকে খোঁচা দিয়ে বেলজিয়ান গোলরক্ষক বলেন, ‘কিছু উদযাপন আছে যেন তারা (বার্সা) শিরোপা জিতে ফেলেছিল। তবে আমরা শান্ত থেকে সেল্টা ও গেতাফেকে হারিয়েছি। যারা সবসময় কঠিন প্রতিপক্ষ।’
কোর্তোয়া মুভিস্টারকে আরও বলেন, ‘লা লিগা জয় দলীয় প্রচেষ্টা। আমরা সবাই আক্রমণাত্মক ও রক্ষণাত্মক ছিলাম। সেভিয়ার বিপক্ষে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ২-০ গোলে পিছিয়ে পড়েও আমরা জিতেছি। সবাই ভেবেছিল আমাদের পতন ঘটছে।’
