ট্রেনের ছাদে উঠতে ২০ টাকা

আপডেট : ০১ মে ২০২২, ০৯:০৫ পিএম

নারায়ণগঞ্জে ঈদকে সামনে রেখে ঘরে ফেরা মানুষের ঢল নেমেছে। যেকোনো মূল্যে বাড়ি যেতে জীবনের ঝুঁকি নিচ্ছে অনেকে। রোববার (১ মে) শহরের চাষাঢ়া রেলস্টেশনে দেখা গেছে সে দৃশ্য। ট্রেনে জায়গা না পেয়ে ছাদে উঠছে যাত্রীরা। ছাদে উঠতে ব্যবহার করা হচ্ছে মই। আর এ মই দিয়ে ট্রেনের ছাদে উঠতে গুনতে হচ্ছে জনপ্রতি ২০ টাকা করে।

এ ছাড়া অনেকে রাতের বেলায় ট্রাকে করে পরিবার-পরিজন নিয়ে রওনা হয়েছে বাড়ির উদ্দেশ্যে।

রোববার বিকেলে দেখা যায়, শহরের চাষাঢ়া রেলস্টেশন এলাকায় স্থানীয় কয়েকজন মই নিয়ে প্ল্যাটফর্মের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়াদৌড়ি করছে। মই দিয়ে যাত্রীদের ছাদে উঠিয়ে দেওয়ার বিনিময়ে জনপ্রতি ২০ টাকা করে আদায় করছেন তারা।

যাত্রীরা জানায়, অতিরিক্ত চাপ হওয়ার কারণে এক রকম বাধ্য হয়েই ট্রেনের ছাদে বসে যাত্রা করছেন তারা।  ঢাকার রাস্তায় অনেক যানজট। বাসে গেলে অনেক সময় লাগে। ঝামেলাও অনেক পোহাতে হয়। তাই একটু কষ্ট করে হলেও ট্রেনে যাচ্ছেন। অল্প সময়েই গন্তব্যে পৌঁছাতে পারবেন।

তবে স্টেশন মাস্টারসহ সংশ্লিষ্টরা এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি।

এদিকে মুসলমান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদের খুশি পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিতে জীবনের ঝুঁকি নিয়েই বাড়ির দিকে রওনা হয়েছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষজন। কেউ বাসের দরজায় ঝুলে তো কেউ ট্রাক, পিকআপভ্যানে চড়ে শহর ছাড়ছেন। কেউ যানবাহনে টিকিট না পেয়ে তো কেউ আবার বাড়তি টাকায় বাস ট্রেনের টিকিট না পেয়ে ট্রাক, পিকআপ ভ্যানে করে ঈদযাত্রা করছেন।

ট্রাকে করে ময়মনসিংহের উদ্দেশে রওনা দেওয়া আবদুল জব্বার জানান, বাসের টিকিটের দাম অনেক বেশি। তা ছাড়া সিরিয়াল দিয়ে রাখতে হয়। ট্রেনের টিকিটের জন্য গিয়েছিলাম। সেখানে প্রচুর ভিড়, টিকিট নেই। তাই ট্রাকে করে বাড়ি যাচ্ছি।

গার্মেন্টস কর্মী হোসেন মিয়া জানান, আমরা গাইবান্ধা যাচ্ছি। বাসে ভাড়া বেশি। ট্রাকে ভাড়া ভাগাভাগি করে গেলে কম খরচে যাওয়া যায়। তাই এভাবে যাচ্ছি।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নবীর হোসেন জানান, আমরা হাইওয়েতে নজরদারি রেখেছি। এখানে কোনো যানজট নেই, পর্যাপ্ত যানবাহনও রয়েছে। এ অবস্থায় ট্রাকে করে ঝুঁকিপূর্ণ যাত্রার কোনো মানে হয় না। আমাদের এখানে এখন পর্যন্ত পিকআপভ্যান কিংবা ট্রাকে করে যাতায়াত করতে কাউকে দেখিনি। এমন কোনো ট্রাক অথবা পিকআপভ্যান পেলে অবশ্যই সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত