কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী বয়ে গেছে। আগামী দুই-তিনদিন ধরেও দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। ঈদের দিন মঙ্গলবার বিক্ষিপ্তভাবে সর্বত্র ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. তরিফুল ইসলাম নেওয়াজ কবির বলেন, ‘রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।’
গত কয়েকদিন ধরে অসহনীয় গরমের পর দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমেছে। সোমবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে এমন তাপমাত্রায় বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কারণে তেমন গরম অনুভূত হচ্ছে না।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, নিকলি, রাঙামাটি, সিলেট, রাজশাহী, ঈশ্বরদী, রংপুর, সৈয়দপুর, ডিমলা, রাজারহাট, খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুমারখালী, বরিশাল, খেপুপাড়া ও পটুয়াখালীতে।
এমন আবহাওয়া আগামী দু’তিন ধরেও অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
