যৌন নির্যাতনের অভিযোগে সেল্তা ভিগোর স্ট্রাইকার সান্তি মিনাকে চার বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ২৬ বছর বয়সী তারকা এই রায়ের বিরুদ্ধে আবেদন করতে পারবেন। তবে আবেদনে ব্যর্থ হলে জেল খাটবেন।
২০১৭ সালে ক্যাম্পার ভ্যানে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে মিনার বিরুদ্ধে। ছুটি কাটাতে এই অবকাশযাপন ভ্যানে তার সঙ্গী হিসেবে ছিলেন স্পেনের দ্বিতীয় স্তরের ক্লাব ইবিজার সেন্টার-ব্যাক ডেভিড গোল্ডার।
তবে তিনি সহযোগী হিসেবে দোষী সাব্যস্ত হওয়ার অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন। ভুক্তভোগী নারীর আইনজীবী জানান, মিনা ধর্ষণ করলেও তাকে বাধা দেননি গোল্ডার। তবে অভিযুক্ত এই দুই ফুটবলার জানান, ওই নারী শারীরিক সম্পর্কের অনুমতি দিয়েছিলেন।
সেল্তা ভিগোতে পেশাদারি ক্যারিয়ার শুরু মিনার। মাঝখানে চার বছর খেলেছেন ভ্যালেন্সিয়ায়। ২০১৯ সালে ফের শৈশবের ক্লাবে ফেরেন তিনি। স্পেনের বয়সভিত্তিক দলে খেললেও কখনো জাতীয় দলের জার্সি পরার সুযোগ হয়নি তার।
আপিল প্রক্রিয়া চলাকালীন মিনাকে স্কোয়াড থেকে বাদ দেয় সেল্তা। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নিয়েছে লা লিগার ক্লাবটি।
রাষ্ট্রপক্ষ মিনাকে আট বছরের কারাদণ্ড দেওয়ার আবেদন জানিয়েছিলেন। অন্যদিকে ভুক্তভোগীর আইনজীবী তার সাড়ে ৯ বছরের সাজা চান। তবে নিম্ন আদালতের এই রায়ের বিরুদ্ধে স্পেনের সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন মিনা।
সেল্তা ভিগোর জার্সিতে দুই স্পেলে ১৫০ ম্যাচেরও বেশি খেলেছেন তিনি। চলতি মৌসুমের ক্লাবটির হয়ে ৪০ ম্যাচ খেলে ১১ গোল করেছেন মিনা।
