কোক স্টুডিও বাংলার মাধ্যমে দীর্ঘদিন পর ফিরল ‘জালালি সেট’

আপডেট : ০৪ মে ২০২২, ০৯:০৭ পিএম

এক সময়ের জনপ্রিয় ব্যান্ড ‘জালালি সেট’অনেক দিন ধরেই আড়ালে ছিল। ৫ বছর আগে তাদের ইউটিউব চ্যানেলে সর্বশেষ গান প্রকাশ হয়েছিল। এরপর অল্প-বিস্তর লাইভ শো করলেও নতুন গানের হদিস নেই। অবশেষে ফিরলেন জালালি সদস্যরা। তাও আবার কোক স্টুডিও বাংলায়। ঈদ উপলক্ষে দারুণ চমক দিয়েছে কোক স্টুডিও বাংলা। তাদের চতুর্থ গান প্রকাশিত হয়েছে ৩ মে। সেখানেই ‘লালন’ ব্যান্ডের সুমির সঙ্গে ‘জালালি সেট’-এর সমন্বয় করা হয়েছে। গানের নাম দেওয়া হয়েছে ‘ভবের পাগল’।

গানের প্রথম অংশে বিখ্যাত লোকগান ‘পাগল ছাড়া দুনিয়া চলে না’ গেয়েছেন সুমি। এই গানটি অবশ্য তার কণ্ঠেই সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল। তাই নতুন আয়োজনে তাকেই বেছে নেওয়া হয়।

শেষ অংশে ধামাকার মতো হাজির হন জালালি সেটের এমসি মাগস, শাফায়েত, সাধু ও ডাবল এস। তাদের ঝাঁজালো পারফরম্যান্সে গানটি ভিন্ন মাত্রা পায়। ফেসবুক ও ইউটিউবে চোখ রাখলেই দেখা যায়, এই গানে জালালি সেটের উপস্থিতি নিয়ে সবাই উচ্ছ্বসিত। দীর্ঘদিন পর তাদের প্রত্যাবর্তন নতুন আশা জাগিয়েছে র‍্যাপপ্রিয় শ্রোতাদের মনে।

‘ভবের পাগল’ গানটির মিউজিক কম্পোজিশন ও আয়োজন করেছেন শায়ান চৌধুরী অর্ণব ও ফাইজান রশিদ আহমেদ।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি ‘নাসেক নাসেক’ শীর্ষক গানের মাধ্যমে যাত্রা করেছে কোক স্টুডিও বাংলা। সেই গানের ভিউ ছাড়িয়েছে ১ কোটি। এরপর যথাক্রমে প্রকাশ হয় ‘প্রার্থনা’ ও ‘বুলবুলি’। দুটি গানেরই ভিউ ছাড়িয়েছে ৬০ লাখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত