বলিউড ভাইজান সালমান খানের প্রেমিকাদের তালিকা অনেক লম্বা। বরাবরই প্রেমিক পুরুষ তিনি। সিনেমার পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও নায়িকাদের সঙ্গে রোম্যান্স করেছেন। কিন্তু বিয়েটা করেননি।
সর্বশেষ লুলিয়া ভান্তুরের সঙ্গে প্রেম ছিল সালমান খানের। তবে সেটাও কয়েক বছর আগের কথা। এর ফাঁকে ফের ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কের উন্নতি হয়। একসঙ্গে কাজ করতে গিয়ে আবারও কাছাকাছি আসেন। কিন্তু ততদিনে ক্যাট বেছে নেন তার স্বপ্নের পুরুষকে। অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে প্রেম করে সংসার পেতেছেন অভিনেত্রী।
সাল্লুকে নিয়ে এবার ছড়িয়েছে নতুন প্রেমের গুঞ্জন। শোনা যাচ্ছে, তরুণ মডেল, অভিনেত্রী ও গায়িকা শেহনাজ গিলের প্রেমে পড়েছেন ভাইজান! তাদের দু’জনের ‘অতি-ঘনিষ্ঠতা’ নজরে আসছে নেটিজেনদের।
ঈদ উপলক্ষে সালমানের বোন অর্পিতা একটি পার্টি দেন। সেখানে বলিউডের অনেক তারকা হাজির হন। অতিথিদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সালমানও। সেখানে আসেন শেহনাজ গিল। এরপর সালমান ও শেহনাজ একে-অপরকে শক্তভাবে জড়িয়ে ধরেন, চুমু খান।
ওই মুহূর্তের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। শুধু জড়িয়ে কিংবা চুমু নয়, শেহনাজকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেন সালমান খান। পাপারাৎজিদের সামনেই সালমানকে জড়িয়ে ধরে চুমু খান শেহনাজ। এসময় তাকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘দেখো সালমান আমাকে গাড়ি পর্যন্ত ছাড়তে এসেছে’। এদিন এক মুহূর্তের জন্যও শেহনাজের হাত ছাড়েনি সালমান, অভিনেতাকে বারবার চুমু খাচ্ছিলেন শেহনাজ। গাড়িতে উঠেও যেন দূরে যাওয়ার মন নেই। এরপর তো শেহনাজ যা ঘটালেন তা দেখে অবাক সবাই। সালমানের গাল টিপে দিলেন এই অভিনেত্রী।
সালমান খানের গালে হাত রেখে তা টিপে দেওয়া! এমন কীর্তি বোধহয় একমাত্র শেহনাজের পক্ষেই সম্ভব বলছেন নেটিজেনরা। এ দেখে অনেকেই বলাবলি করছেন, সম্পর্কটা স্রেফ বন্ধুত্ব নয়, এর চেয়ে বেশি কিছু!
বিগ বসের মঞ্চে শেহনাজ-সালমানের বন্ধুত্ব দেখেছে দর্শক। সিদ্ধার্থ শুক্লা মারা যাওয়ার পর বিগ বসের গত সিজনে একবার অতিথি শিল্পী হিসেবেও হাজির হয়েছিলেন শেহনাজ। তখনও শেহনাজকে সান্ত্বনা দিতে জড়িয়ে ধরেছিলেন সালমান, সেই দৃশ্যও ভাইরাল হয়েছিল।
শেহনাজ গভীর প্রেমে জড়িয়ে ছিলেন অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে। সালমান খানের রিয়্যালিটি শো ‘বিগ বস’-এ অংশ নিয়েই সম্পর্কে মজেন সিদ্ধার্থ-শেহনাজ। তারা বিয়ে করার কথাও ভেবেছিলেন। কিন্তু গত বছর হঠাৎ মারা যান সিদ্ধার্থ।
এতে ভীষণভাবে ভেঙে পড়েন শেহনাজ। তখন তার পাশে এগিয়ে আসেন সালমান খান। মানসিকভাবে তাকে সমর্থন দেন। কিছুদিন আগে নাকি শেহনাজকে সিনেমায় অভিনয়ের প্রস্তাবও দিয়েছেন ভাইজান। অভিনেতার নতুন সিনেমা ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’তে দেখা যেতে পারে এই তরুণীকে।
এর মধ্যেই ঈদ পার্টির ভিডিওটি ভাইরাল হলো। তাই চতুর্দিকে আলোচনা হচ্ছে, সালমান খান কি তবে নতুন প্রেমে মজেছেন? নাকি এই সম্পর্ক শুধুই বন্ধুত্ব? কেউ বলছেন, খারাপ সময়ে শেহনাজের পাশে দাঁড়িয়েছেন সালমান। কেউ কেউ আবার দুজনের সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া শুরু করেছেন।
