দর্শক টানছে ‘গলুই’ ও ‘শান’

আপডেট : ০৫ মে ২০২২, ১১:১১ পিএম

ঈদে চারটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। কারণ অনেক বছরের অভিজ্ঞতায় দেখা যায়, ঈদে সিনেমা হলে ছবি দেখা দর্শকের সংখ্যা অনেক বেড়ে যায়। তাই অন্য সময় দুটি ছবি যেখানে ব্যবসা করতে পারে না, সেখানে ঈদে তিন-চারটি ছবি অনায়াসে ব্যবসাসফল হতে পারে। কিন্তু এখন বাস্তবতা অনেকটাই আলাদা। কারণ দেশে এখন সচল সিনেমা হলের সংখ্যাই শ’খানেক। ফলে চারটি সিনেমা মুক্তি পাওয়ায় প্রতিটি ছবি ভালো ব্যবসা করতে পারছে না হল-স্বল্পতার জন্যই। ফলে দেখা গেছে, দুটি ছবি শুরুতেই মুখ থুবড়ে পড়েছে। কোনো তারকাশিল্পী না থাকায়, হুট করে প্রচার-প্রচারণা ছাড়াই ছবি মুক্তি পাওয়ায় এবং মানহীন নির্মাণের কারণে ‘বড্ড ভালোবাসি’ ছবিটি কোনো আশাই জাগায়নি। মাত্র চারটি হলে ছবিটি মুক্তি পেয়ে দর্শকখরায় দিন পার করছে। তবে দেশের শীর্ষ নায়ক শাকিব খানের ‘বিদ্রোহী’ ছবিটির ব্যবসাও নিরাশাজনক। অথচ কয়েক বছর আগেও ঈদে শাকিব খানের একাধিক ছবি মুক্তি পেয়ে ভালো ব্যবসাও করেছে। এবার তার ও শবনম বুবলী অভিনীত ‘বিদ্রোহী’ ব্যর্থ হওয়ার পেছনে কিছু কারণও রয়েছে। প্রথমত ছবিটি বেশ আগে নির্মিত। তবে সবচেয়ে বড় বাধা এ ছবির প্রচারহীনতা। ছবির নায়ক আর প্রযোজকের দ্বন্দ্ব শোবিজের সবার জানা। এজন্যই নাকি নায়ক সেভাবে কোনো প্রচারণাই চালাননি ছবিটির। শেষদিকে নায়িকা বুবলী কিছুটা হাল ধরলেও দর্শক টানার মতো তারকাখ্যাতি এখনো হয়তো অর্জন করতে পারেননি!

তবে শাকিব খানের আরেক সিনেমা ‘গলুই’ নিয়ে দর্শকের মধ্যে হইচই দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ছবির পরিচালক এসএ হক অলিক, নায়ক-নায়িকা শাকিব খান ও পূজা চেরী প্রতিনিয়ত এই ছবির হলভর্তি দর্শকের ছবি ও ভিডিও প্রকাশ করছেন। যা করোনার কারণে গত দুই বছর দেখাই যায়নি। আবার দর্শক হলে আসছেন। বেশির ভাগ দর্শক সিনেমা হলে আসছেন শাকিব খানের টানে। এই নায়ক দেশে নেই, তারপরও যে তার জনপ্রিয়তা দর্শকের কাছে অনন্য তা ‘গলুই’ ছবিটি প্রমাণ করছে। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, প্রথমদিন গলুইয়ের দর্শক বেশ ভালো ছিল। তাদের প্রত্যাশা, আরও দর্শক বাড়বে। কেরানীগঞ্জের লায়ন সিনেমাস খুলেছে ‘গলুই’ ছবি দিয়েই। সেখানে দর্শক শাকিব খানের নাম উচ্চারণ করে হাঁকতে হাঁকতে হল থেকে বের হচ্ছেন। সেনা অডিটরিয়ামেও ছিল চোখে পড়ার মতো দর্শক। হলটির দায়িত্বে থাকা বুকিং এজেন্ট মশিউর রহমান জানান, ‘সাভার নবীনগর এলাকায় একচেটিয়া শাকিব খানের ছবি চলে। দর্শকদের চাওয়ার কারণে প্রতিদিন পাঁচটি শো চলছে সেনানিবাসে।’ ঢাকার বাইরে জামালপুর, বগুড়াসহ কয়েকটি জেলায় ছিল হাউজফুল দর্শক। বগুড়ার সোনিয়া হলের দায়িত্বে থাকা সাজেদ ইসলাম রানা বলেন, ‘প্রথমদিনে গলুইয়ের চারটি শোয়ের তিনটি হাউজফুল গেছে। যা আমরা কল্পনাও করিনি। অনেক দর্শক টিকিট না পেয়ে সন্ধ্যায় দাঁড়িয়ে ছবি দেখেছেন। শাকিব খানের সিনেমা বলেই এটা সম্ভব হয়েছে।’

তবে তুলনামূলক হল কম পাওয়ায় অনেক দর্শক গলুই দেখতে না পেয়ে আক্ষেপ করছেন। পরিচালক এসএ হক অলিক বলছেন, ‘সবখানে গলুই খুব ভালো যাচ্ছে। শত শত মানুষ ছবি দেখে ফিডব্যাক দিচ্ছেন। দর্শকদের এতটাই চাপ ছিল যে নাইট শো বাড়াতে হয়েছে। শ্যুটিং দেখতে হাজার হাজার মানুষ এসেছিল, তারা আবার হলে আসছে গলুই দেখতে।’

এ ঈদে নায়িকা পূজা চেরীর বৃহস্পতি তুঙ্গে। যে দুটি ছবি ভালো ব্যবসা করছে সে দুটিরই নায়িকা তিনি। গুলই-এর মতো তরুণ তারকা জুটি সিয়াম আহমেদ ও পূজা চেরীর ‘শান’-এর শোগুলোও হাউজফুল হচ্ছে। ৩৪টি সিনেমা হলে মুক্তি পাওয়া ‘শান’ ছবিটি ঢাকার দর্শকদের টানতে সক্ষম হচ্ছে। মুক্তির প্রথম দিনেই শান হাউজফুল হয়েছে স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, শ্যামলী ও মধুমিতা সিনেমা হলে। শিল্পীদের প্রচারণায় সরব থাকার কারণে ধারণা করা যাচ্ছে, মফস্বলের হলগুলোতে শান দেখতে দর্শক আসবে! যমুনা ব্লকবাস্টারের হেড অফ মার্কেটিং মাহবুবুর রহমান বলেন, ‘শান বেশ ভালো চলছে। দর্শক আসছে। প্রথমদিন হাউজফুল ছিল। আমাদের হলে নায়ক নায়িকা এসেছিলেন। তাদের পেয়ে দর্শক আরও উচ্ছ্বসিত হয়। আশা করছি এই ছবিটি দিনে দিনে আরও ভালো ব্যবসা করবে।’ রাজধানীর মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘ঈদের দিন সকালে বৃষ্টি ছিল। তাই প্রথম শোতে দর্শক কম ছিল। ৩টার শোতে দর্শক ছিল অনেক বেশি। প্রায় আশিভাগ দর্শক ছিল শোতে। আর ইভিনিং শো হাউজফুল পেয়েছি।’ রাজধানীর শ্যামলী সিনেমা হলে ‘শান’ ছবিটি দর্শকরা গ্রহণ করছেন বলে জানিয়েছেন হলটির হাউজ ম্যানেজার আহসান উল্লাহ। শান সিনেমার পরিচালক এম রাহিম বললেন, ‘ঈদের দিন রাজধানীর চারটি হল ভিজিট করেছি। সবগুলো হলেই দর্শকদের উপস্থিতি ও তাদের রেসপন্স খুবই আনন্দময় ছিল।’ সত্য ঘটনা অবলম্বনে পুলিশি অ্যাকশন থ্রিলার শান-এ আরও অভিনয় করেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত