বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব’-এর দ্বিতীয় পোস্টার এলো ঈদের দিন। আর সেই পোস্টারেই জানা গেল মুক্তির তারিখ। আসছে সেপ্টেম্বরে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই ছবিটি। তবে সেপ্টেম্বরের কত তারিখ, তা নির্দিষ্ট করে জানানো হয়নি। বিশাল ক্যানভাসের ছবিটি পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ১৭ মার্চ প্রকাশিত হয় এই সিনেমার প্রথম অফিশিয়াল পোস্টার। প্রথম পোস্টারের মতো দ্বিতীয় পোস্টারেও ১৯৭১ সালের ৭ মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে দেওয়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মুহূর্তটিই তুলে ধরা হয়েছে। তবে প্রথম পোস্টারে জনতার উদ্দেশ্যে বঙ্গবন্ধুর হাত নাড়ার দৃশ্যটি দেখালেও সেসময় দেখানো হয়নি কারও লুক। যা দ্বিতীয় পোস্টারে উন্মোচিত হয়েছে। বঙ্গবন্ধুর চরিত্রে অফিশিয়ালি প্রথমবারের মতো দেখা গেল আরিফিন শুভকে! ২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় ‘মুজিব’ সিনেমার ৮০ ভাগ দৃশ্যধারণ সম্পন্ন হয়। শেষভাগের দৃশ্যধারণে অংশ নিতে গত ১৭ নভেম্বর ঢাকায় আসেন শ্যাম বেনেগাল। আরও অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, দিঘী, নুসরাত ফারিয়া প্রমুখ।
×
