ডায়াবেটিস নিয়ন্ত্রণে ঢেঁড়স

আপডেট : ০৫ মে ২০২২, ১১:১৫ পিএম

আমাদের দেশে ঢেঁড়স এখন প্রায় সব মৌসুমে পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী সবজি এই ঢেঁড়স। খাওয়া-দাওয়া নিয়ে এমনিতেই ডায়াবেটিস রোগীদের চিন্তার শেষ নেই। কী খাওয়া যাবে আর কী খাওয়া যাবে না, তা নিয়ে তাদের ভাবনাচিন্তা করতে হয় সব সময়। তাই হাতের কাছে যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার মতো খাবার থাকে, তাহলে তা বাদ দেওয়া উচিত না।

কেন খাবেন : ঢেঁড়স ফাইবার, ভিটামিন বি৬ ও ফোলেটে ভরপুর। ভিটামিন বি ডায়াবেটিক নিউরোপ্যাথির আক্রমণ প্রতিহত করতে সহায়তা করে। পাশাপাশি নিয়ন্ত্রণে রাখে হোমোসিস্টেইনের মাত্রা। এই উপাদান ডায়াবেটিস বৃদ্ধির অন্যতম কারণ। ঢেঁড়সে দ্রবণীয় এবং অদ্রবণীয় দুই ধরনের ফাইবারই থাকে। ফাইবার পাচন প্রক্রিয়ার গতিবেগ কমায়। ফলে খাবার খাওয়ার পর ধীরে ধীরে বাড়ে রক্তের শর্করার পরিমাণ। আর এই সব কিছুর সঙ্গে সঙ্গে ঢেঁড়সের ক্যালোরির মাত্রাও বেশ কম।

কীভাবে খাবেন : ৪-৫টি ঢেঁড়স ভালো করে ধুয়ে নিন। প্রান্তগুলো কেটে বাদ দিয়ে দিন প্রথমে। এর পর বঁটি বা ছুরির সাহায্যে লম্বালম্বি ভাবে চিরে ফেলুন এক একটি ঢেঁড়স। একটি কাচের বয়ামে পানি ভরে ঢেঁড়সের টুকরোগুলো দিয়ে দিন। সারা রাত এই ভাবে ভিজিয়ে রাখুন ঢেঁড়সগুলো। সকালে ভালো করে চিপে বের করে নিন টুকরোগুলো। যে পানি পড়ে রইল, সেটি পান করলেই ডায়াবেটিসে মিলতে পারে উপকার। তবে মাথায় রাখবেন, সবার শরীরে সব জিনিস সহ্য হয় না। তাই যে কোনো পথ্য খাওয়ার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত