সিলেট নগরীর রায়নগরের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে। এ কবরস্থানে শুয়ে রয়েছেন তার বাবা আবু আহমদ আবদুল হাফিজ ও মা সৈয়দা শাহার বানু চৌধুরী। তাদের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন মুহিত। গত রবিবার বিকেল পৌনে ৩টায় তাকে দাফন করা হয়।
এর আগে সাবেক অর্থমন্ত্রীর জানাজা সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। রবিবার বেলা ২টা ১৮ মিনিটে অনুষ্ঠিত জানাজার ইমামতি করেন আল্লামা মুহিবুল হক গাছবাড়ি। এতে আওয়ামী লীগ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাসহ সর্বস্তরের হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
জানাজার আগে মুহিতের ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন। এ ছাড়া বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শাহাব উদ্দীন, সাবেক হুইপ আবদুস শহীদ এমপি, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট-২ আসনের সাংসদ মোকাব্বির খান, সিলেট-৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব, সিলেট-৫ আসনের সাংসদ হাফিজ আহমদ মজুমদার, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দীন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমেদ প্রমুখ। বক্তারা মুহিতের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।
এর আগে রবিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল আর চোখের জলে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে শেষ বিদায় জানায় সর্বস্তরের সিলেটবাসী। মরদেহ দুপুর ১২টার দিকে বিশেষ অ্যাম্বুলেন্সে করে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়ার পর সেখানে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
সাবেক অর্থমন্ত্রীর ৩টি জানাজার মধ্যে প্রথমটি অনুষ্ঠিত হয় রাজধানীর গুলশান আজাদ মসজিদে। শনিবার বেলা ১১টা ৫ মিনিটে নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে জানাজা হয়। দ্বিতীয় জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে হয় শনিবার বেলা ২টায়। এর পরপরই সেখান থেকে মরদেহ সিলেটের পথে রওনা হয়। শনিবার রাত ১০টার দিকে মুহিতের মরদেহ সিলেট এসে পৌঁছে।
আবুল মাল আবদুল মুহিত গত শুক্রবার রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর।
