আরএসএফের প্রতিবেদন অগ্রহণযোগ্য : তথ্যমন্ত্রী

আপডেট : ০৬ মে ২০২২, ০১:৪১ এএম

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবনমন বিষয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডারস ফ্রন্টিয়ার্সের (আরএসএফ) প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘তাদের প্রতিবেদন বিদ্বেষপ্রসূত, আপত্তিকর ও অগ্রহণযোগ্য।’

গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের দেওয়ানজী পুকুরপাড়ের বাড়িতে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

গত মঙ্গলবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আরএসএফ বিশ্বের মুক্ত গণমাধ্যমের সূচক প্রকাশ করে। এতে বলা হয়, ২০২২ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ১৬৩তম। ২০২১ সালে এ অবস্থান ছিল ১৫৩তম। ২০১৩ সালে বাংলাদেশ প্রথম সূচকে অন্তর্ভুক্ত হয়, তখন ১৮০টি দেশের মধ্যে অবস্থান ছিল ১৪৪তম।

এবার সূচকে প্রতিবেশী দেশগুলোর মধ্যে মিয়ানমার ছাড়া সবার নিচে বাংলাদেশের অবস্থান। সূচকে ভারত ১৫০, পাকিস্তান ১৫৭, শ্রীলঙ্কা ১৪৬, আফগানিস্তান ১৫৬, নেপাল ৭৬, মালদ্বীপ ৮৭, ভুটান ৩৩ ও মিয়ানমারের অবস্থান ১৭৬তম। সূচকে সবচেয়ে বেশি সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা দেশগুলোর মধ্যে শীর্ষে নরওয়ের (স্কোর ৯২ দশমিক ৬৫) পর রয়েছে ডেনমার্ক, সুইডেন, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, পর্তুগাল, কোস্টারিকা, লিথুয়ানিয়া ও লিচেনস্টাইন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আরএসএফ সবসময় বাংলাদেশের প্রতি বিদ্বেষ পোষণ করে। গত বছর তারা এমনই একটি প্রতিবেদন প্রকাশ করে প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছিল। প্রতিষ্ঠানটি সবসময় বাংলাদেশের গণমাধ্যম নিয়ে অসত্য ও মনগড়া প্রতিবেদন প্রকাশ করে। বাংলাদেশের সাংবাদিক ইউনিয়নগুলো তাদের প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছিল; প্যারিসের প্রবাসী বাংলাদেশিরা ফ্রান্সের আইনজীবীর মাধ্যমে আইনি নোটিসও দিয়েছিল। তাদের এবারের প্রতিবেদনও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তিনি বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে যারা ক্রমাগতভাবে বিদেশে অপপ্রচার চালাচ্ছে, তাদের থেকেই তথ্য-উপাত্ত সংগ্রহ করে আরএসএফ। সুতরাং তাদের প্রতিবেদনের বিন্দুমাত্র মূল্য আমাদের কাছে নেই। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিবেদন করছে।’ তিনি আরও বলেন, ‘আরএসএফ সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়েও কথা বলেছে। বাংলাদেশ ডিজিটাল হয়েছে, গণমানুষের ডিজিটাল নিরাপত্তা দেওয়ার জন্যই এ আইন করা হয়েছে। তবে সাংবাদিক কিংবা সাধারণ মানুষ কারও বিরুদ্ধে যাতে এ আইনের অপব্যবহার না হয়, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত