নিখোঁজের ৬ দিন পর রাজধানীর বাড্ডার খিলবাড়িরটেক এলাকায় একটি জলাশয় থেকে ইয়াছিন মিয়া (৮) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
বাড্ডা থানার এসআই এজাজুল হক জানান, খিলবাড়িরটেক এলাকায় একটি জলাশয়ে লাশ ভেসে উঠেছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা যান। কচুরিপানাযুক্ত পানি থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশুর শরীরে পচন ধরেছে। প্রথমে মৃতদেহের পরিচয় জানা যায়নি। তবে পরবর্তীতে স্বজনরা গিয়ে তার পরিচয় নিশ্চিত করেন।
এসআই এজাজুল হক আরও জানান, গত ২৫ এপ্রিল শিশুটি নিখোঁজ হয়। এ বিষয়ে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি করে শিশুটির পরিবার। সেই ডায়েরির সূত্র ধরে শিশুটির পরিচয় শনাক্ত হয়।
মৃত ইয়াছিনের বাবা রিকশাচালক মো. আলামিন মিয়া জানান, তারা উত্তর বাড্ডা জিএম বাড়ি খালপাড় এলাকায় ভাড়া থাকেন। ইয়াছিনের মা খাদিজা আক্তার অন্যের বাসাবাড়িতে কাজ করেন।
এক ভাই এক বোনের মধ্যে ইয়াছিন বড়। স্থানীয় ব্র্যাক স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। তাদের বাড়ি ময়মনসিংহের নান্দাইল থানার রাজগাতি গ্রামে।
