অমিত শাহ বললেন

করোনা শেষে পশ্চিমবঙ্গে সিএএ কার্যকর হবে

আপডেট : ০৭ মে ২০২২, ০৫:২৩ এএম

করোনা শেষ হলে পশ্চিমবঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন তথা সিএএ কার্যকর হবে বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। গত বৃহস্পতিবার বিকেলে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বিজেপি আয়োজিত এক জনসভায় তিনি এমনটা জানান বলে জানিয়েছে এনডিটিভি।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার থেকে পশ্চিমবঙ্গে দু’দিনের সফরে আছেন অমিত শাহ। তবে সরকারি এ সফরের পাশাপাশি তিনি দলীয় সভা ও সাংগঠনিক কার্যক্রমেও অংশ নিচ্ছেন। শিলিগুড়ির সভায় অমিত শাহ বলেন, করোনা বিদায় নেওয়ার পর পশ্চিমবঙ্গে সিএএ কার্যকর হবে। তখন বাংলাদেশ থেকে আসা সব নাগরিক ভারতের নাগরিকত্বের সুযোগ পাবেন। অমিত শাহ মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির উদ্দেশে বলেন, ‘দিদি আপনিও সিএএ ঠেকাতে পারবেন না। সিএএ নিয়ে আপনারা মিথ্যাচার করছেন। মানুষকে ভুল বুঝিয়েছেন। এবার সময় আসছে সিএএ কার্যকর করার।’

এদিকে অমিত শাহর এই দাবির কড়া সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেছেন, সিএএ নিয়ে বিজেপি মিথ্যাচার করছে। এই বাংলার সবাই ভারতের নাগরিক। আবার সিএএ কিসের? মানুষ তো এই দেশের নাগরিক হিসেবে ভোট দিচ্ছে। মমতা আরও বলেন, সিএএ নিয়ে তোতাপাখির বুলি আওড়াচ্ছেন অমিত শাহ। এই রাজ্যের মানুষ সিএএ মানবেন না। অমিত শাহর এই মন্তব্যের কড়া নিন্দা করেছে বাম দল সিপিএম। সিপিএমের নেতা সুজন চক্রবর্তী বলেছেন, ‘খুড়োর কল দেখাচ্ছেন অমিত শাহ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত