বিএনপির কাজ হলো গুজব রটানো : তথ্যমন্ত্রী

আপডেট : ০৭ মে ২০২২, ০৫:৩২ এএম

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশবিরোধী অপশক্তিকে সঙ্গে নিয়ে মিথ্যাচার করা আর গুজব রটানোই এখন বিএনপির রাজনীতি।

গতকাল শুক্রবার বিকেলে কক্সবাজারের হিলডাউন সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এখন সবাই আওয়ামী লীগের নৌকায় উঠতে চায় উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘সাড়ে ১৩ বছরের উন্নয়নযজ্ঞ দেখে সবাই নৌকায় উঠতে চায়। তাই বলে তাদের নৌকায় উঠতে দেওয়া যাবে না। মাদক কারবারি, ভূমিদস্যু, উড়ন্ত পাখি তাদের স্থান আওয়ামী লীগে নেই।’

করোনাকালে আওয়ামী লীগ ২ হাজার নেতাকর্মী হারিয়েছেন জানিয়ে মন্ত্রী বলেন, করোনার দুই বছর মাঠে আওয়ামী লীগ ছাড়া আর কেউ ছিল? বিএনপি-জামায়াত বা তাদের অন্য কোনো দল করোনায় দেশের মানুষের পাশে দাঁড়ায়নি। আওয়ামী লীগ দেশের মানুষের পাশে দাঁড়াতে গিয়ে দুই হাজার নেতাকর্মীকে হারিয়েছে।

আওয়ামী লীগ কোনো বদ্ধ জলাশয় নয় জানিয়ে তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি তৈরি হয়েছে। এখন শুধু আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে বিজয় নিশ্চিত করা।’ সাড়ে ১৩ বছরের উন্নয়নযজ্ঞ দেশের জনগণের কাছে পৌঁছে দিতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম মুকুল, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জল কর, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলামসহ অন্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত