ঈদে পার্কে ঘুরতে গিয়ে ছাত্রী ধর্ষণের শিকার

আপডেট : ০৭ মে ২০২২, ০৫:৩৫ এএম

ঝিনাইদহের শৈলকুপায় ঈদের দিন পার্কে ঘুরতে গিয়ে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় শৈলকুপা থানায় তিনজনকে আসামি করে মামলা হয়েছে। পরে আরিফুল ইসলাম ও রতন মন্ডল নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওই ছাত্রীর স্বজনরা জানিয়েছেন, উপজেলার কাশিনাথপুর গ্রামের আরিফুল ইসলাম ও ছোট ধলহরাচন্দ্র গ্রামের রিয়াজ হোসেন নামে দুই বখাটে স্কুলে যাওয়া-আসার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। ওই ছাত্রী গ্রামের পার্কে বেড়াতে গেলে তাকে একটি কুটিরে নিয়ে ধর্ষণ করে দৃশ্য মোবাইলে ভিডিও করে রাখে আরিফুল। এরপর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভয় দেখাতে থাকে। এর মধ্যে ঈদের দিন ওই ছাত্রী পার্কে বেড়াতে গেলে আরিফুল ও রিয়াজ আবারও কুটিরে নিয়ে ধর্ষণ করে। এতে ছাত্রীটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। জানাজানি হলে বৃহস্পতিবার সন্ধ্যায় শৈলকুপা থানায় তিনজনকে  আসামি করে মামলা করেন ছাত্রীর বাবা।

শৈলকুপা থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, মামলা হওয়ার পর রাতেই আরিফুল ও রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিয়াজকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে কুড়িগ্রামের রৌমারীতে ষষ্ঠ শ্রেণিপড়ুয়া এক শিক্ষার্থীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর চাক্তাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে রৌমারী থানায় মামলা করেন। পরে ওইদিন সন্ধ্যায় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নুরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার নুরুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের উত্তর চাক্তাবাড়ি গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। তবে অভিযুক্তের ছোট ভাই আবদুল লতিফ বলেন, ‘দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে প্রতিপক্ষ।’

রৌমারী থানার পরিদর্শক (তদন্ত) এমআর সাঈদ বলেন, ‘বুধবার বিকেলে একই গ্রামের মোসলেম উদ্দিনের বাড়িতে কৌশলে ডেকে নেয় ওই শিক্ষার্থীকে। পরে রাত পর্যন্ত তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। সন্ধ্যায় নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়। আর শিক্ষার্থীকে পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত