ব্যাংক থেকে ১৪ হাজার কোটি টাকা নিয়েছে সরকার

আপডেট : ০৮ মে ২০২২, ১২:২৮ এএম

বাজেট ঘাটতি মেটাতে চলতি অর্থবছরের সাড়ে দশ মাসে (২০২১ সালের ১ জুলাই থেকে ২০২২ সালের ১৩ এপ্রিল পর্যন্ত) ব্যাংক ব্যবস্থা থেকে ১৩ হাজার ৮৪৩ কোটি ৪০ লাখ টাকা ঋণ নিয়েছে সরকার। গত অর্থবছরের একই সময়ে ব্যাংক থেকে ৫ হাজার ৪৫৯ কোটি ৩৮ লাখ টাকা ঋণ নিয়েছিল সরকার।

মূলত সঞ্চয়পত্র বিক্রি থেকে সরকারের ঋণ কমে যাওয়ায় ব্যাংক ব্যবস্থার ওপর নির্ভরতা বেড়েছে।

তবে এখনো বাজেটের লক্ষ্যের চেয়ে অনেক কম ঋণ নিয়েছে সরকার। ঘাটতি মেটাতে ২০২১-২২ অর্থবছরের বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য ধরা আছে। সেই হিসেবে চলতি অর্থবছরের সাড়ে দশ মাসে ব্যাংক ব্যবস্থা থেকে লক্ষ্যমাত্রার ১৮ দশমিক ১০ শতাংশ ঋণ নিয়েছে সরকার।

রাজস্ব আদায় বৃদ্ধি এবং ধারণার চেয়ে বেশি বিদেশি ঋণ সহায়তা পাওয়ায় ব্যাংক থেকে বেশি ঋণ করার প্রয়োজন হচ্ছে বলে জানিয়েছেন মঞ্জুর হোসেন।

জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, এই অর্থবছরের জুলাই-মার্চ সময়ে রাজস্ব আদায় বেড়েছে ১৫ শতাংশের বেশি। আর বিদেশি ঋণ সহায়তা বেড়েছে ৫৫ দশমিক ১৬ শতাংশ বেশি।

জানা গেছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে ধীরগতির কারণে সরকারের উন্নয়ন ব্যয় সেভাবে হচ্ছে না। অন্যদিকে সঞ্চয়পত্র থেকে পর্যাপ্ত ঋণ আসছে। ফলে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া সরকারের ঋণের তেমন ব্যবহার হচ্ছে না। বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নেওয়া ঋণ দিয়ে বাংলাদেশ ব্যাংকের দেওয়া ঋণ শোধ করায় সরকারের নিট ব্যাংক ঋণ লক্ষ্যমাত্রার অনেক নিচে রয়েছে।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, করোনা মহামারী দেখা দেওয়ার পর থেকে সরকারের ব্যাংক ঋণ কমে এসেছে। গত অর্থবছরের প্রথম আট মাসে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের নিট কোনো ঋণ ছিল না। বরং আগের অর্থবছরের ঋণের ২ হাজার ১৭২ কোটি টাকা পরিশোধ করা হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, গত ফেব্রুয়ারি মাস শেষে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের নেওয়া ঋণের পুঞ্জীভূত স্থিতি দাঁড়িয়েছে ২ লাখ ১০ হাজার ৪১৬ কোটি টাকা। গত বছরের জুনে সরকারের ব্যাংকঋণের স্থিতি ছিল ২ লাখ ২ হাজার ১১৫ কোটি টাকা।

অভ্যন্তরীণ উৎসের মধ্যে সঞ্চয়পত্র থেকেও লক্ষ্যমাত্রার তুলনায় কম ঋণ আসছে আলোচিত অর্থবছরে। এ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) সঞ্চয়পত্র বিক্রি থেকে সরকারের নিট ঋণ এসেছে ১৬ হাজার ৫০৪ কোটি ১৩ লাখ টাকা। বাজেট ঘাটতি মেটাতে চলতি অর্থবছরে সঞ্চয়পত্র থেকে ৩২ হাজার কোটি টাকা নিট ঋণ নেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের। সেই হিসাবে অর্থবছরের প্রথম ৯ মাসে সঞ্চয়পত্রের লক্ষ্যমাত্রার ৫১ দশমিক ৫৭ শতাংশ ঋণ নিয়েছে সরকার।

গত ২০২০-২১ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) সঞ্চয়পত্র থেকে সরকারের নিট ঋণ এসেছিল ৩৩ হাজার ২০২ কোটি ৬৫ লাখ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত