ফিরতি ঈদযাত্রার মধ্যে নাটোরের মহাসড়কে দুই বাসের সংঘর্ষে কলেজশিক্ষক, ছাত্র ও নারীসহ ৭ জন নিহত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হাটিকুমরুল-বনপাড়া-ঢাকা মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা এলাকায় গাজী অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে একই দিন নরসিংদীর শিবপুরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছে এক পথচারী। রাজধানীতে আরেক দুর্ঘটনায় নিহত হয়েছে এক যুবক।
দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক এবং সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো তথ্যে বিস্তারিত
নাটোর প্রতিনিধি ও বড়াইগ্রাম সংবাদদাতা জানিয়েছেন, গতকাল ঢাকা থেকে রাজশাহীগামী ন্যাশনাল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিয়াম পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ন্যাশনাল পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাজী অটো রাইস মিলের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে মহাসড়কের নিচে পড়ে যায়। এ সময় ট্রাকটিও উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও বনপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে। একই সঙ্গে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও নাটোর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরেক জনের।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মশিউর রহমান জানান, নিহতরা হলেন নাটোর সদরের পাইকোরদোল গ্রামের প্রবাসী শাহজাহান আলীর কলেজপড়ুয়া ছেলে কাওসার আহমেদ (২০) ও তার ছোট বোন সাদিয়া খাতুন (১৪), চাঁপাইনবাবগঞ্জের এমদাদুল হকের ছেলে ও নাটোর সরকারি এনএস কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমান (৪৫), লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামের রুহুল আমিনের স্ত্রী মোহনা আক্তার মিলি (২৪), মাগুরা সদরের সিংহডাঙ্গা গ্রামের সাদেক বিশ্বাসের ছেলে মিজানুর রহমান (৩০) এবং রাজশাহীর চারঘাটের রাকিব উদ্দিনের ছেলে রোহান (১৬) ও আবদুল জলিল (৬০) । এদের মধ্যে মোহনা আক্তার মিলির মৃত্যু হয় হাসপাতালে। তিনি জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
নিহত কাওসার ও সাদিয়ার চাচা আলমগীর হোসেন দুর্ঘটনাস্থলে এসে তাদের পরিচয় নিশ্চিত করে বলেন, তারা সিয়াম পরিবহনে চেপে মামা ও মায়ের সঙ্গে টাঙ্গাইলে নানাবাড়িতে যাচ্ছিলেন। দুর্ঘটনা তাদের মা ও মামা আহত হয়েছেন।
এদিকে ঘটনার পরপরই জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী ও বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা ও আহতদেরও চিকিৎসা খরচ দেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক।
জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, আমরা যতটুকু জেনেছি বাস দুটির দ্রুত গতি বেগ থাকায় এবং ওভারটেকিং করার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
এদিকে নরসিংদী প্রতিনিধি জানিয়েছেন, জেলার শিবপুরে মোটরসাইকেলের ধাক্কায় হিরন খন্দকার (৫৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার লাখপুর শিমুলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলের দুই আরোহীও আহত হয়।
নিহত হিরন খন্দকার উপজেলার দুলালপুর ইউনিয়নের শিমুলিয়া গ্রামের হাসেন আলী খন্দকারের ছেলে। অপরদিকে আহত দুই মোটরসাইকেল আরোহী শিবপুরের নান্দিরগাঁও এলাকার রবিন ও হৃদয়।
শিবপুর থানার ওসি সালাহ উদ্দিন বলেন, মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।
এদিকে রাজধানীতে লেগুনা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আশিক উল্লাহ (২৮)। তিনি হাজারীবাগ এলাকায় থাকতেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) লিটন মাতুব্বর জানান, ঘটনার পরপরই দুটি গাড়ি জব্দ করা হয়েছে।
