একসঙ্গে সাজিদ সরকার ও জিসান খান শুভ

আপডেট : ০৮ মে ২০২২, ১২:০৪ পিএম

বেশ কিছু জনপ্রিয় গানের পেছনের মানুষ সাজিদ সরকার। নিজের মেধা, মনন আর কাজের প্রতি একাগ্রতা দিয়ে  সংগীত পরিচালক হিসেবে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। প্রশংসা কুড়িয়েছেন সাধারণ শ্রোতা থেকে শুরু করে সংগীত বোদ্ধাদেরও । অন্য দিকে এই প্রজন্মের আলোচিত কণ্ঠশিল্পী জিসান খান শুভ নিজের গায়কি দিয়ে শ্রোতাদের কাছে তৈরি করেছেন নিজের আলাদা বলয়। পাশাপাশি গান লিখে ও সুর করে প্রশংসিত হয়েছেন জিসান।

সংগীতের এই জনপ্রিয় দুই মুখ প্রথমবারের মতো একসঙ্গে শ্রোতাদের উপহার দিলেন নতুন এক গান। গানের শিরোনাম ‘এলে না তুমি’। এবারের ঈদে গানটি প্রকাশ করেছে দেশের জনপ্রিয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। গানটির কথা লিখেছেন এবং সুর করেছেন জিসান খান শুভ নিজেই।

কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ণ করে গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। গানটিতে জিসান খান শুভর সাথে অভিনয় করেছেন মিনাক্ষী রায় ও শুভ্র সড়খেল।

প্রথমবার জিসান খান শুভর গানের সংগীতায়োজনে করা নিয়ে সাজিদ সরকার বলেন, 'জিসান খান শুভ'র কথা, সুর এবং গায়কি আমার বরাবরই ভালো লাগে। কাজটি করতে গিয়ে আমরা দু'জনই এনজয় করেছি। একটু ভিন্ন ধারার গান। অনেক যত্ন নিয়ে গানটির সঙ্গীতায়োজন করেছি।  প্রকাশের পর শ্রোতাদের ভালো ভালো মন্তব্য দেখেই বোঝা যাচ্ছে তাদের কাজটি পছন্দ হয়েছে।

উচ্ছ্বাসিত জিসান খান শুভ জানালেন, আমি সাজিদ ভাইয়ের মিউজিকের ফ্যান। অনেক দিন থেকেই ইচ্ছা ছিল তার সাথে কাজ করার। অবশেষে কাজটি হলো। শ্রোতারাও গানটা খুব পছন্দ করেছে। প্রকাশের পর সবাই সাধুবাদ জানাচ্ছে।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ঈদ আয়োজনে ঈদের ২য় দিন তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় ‘এলে না তুমি’ গানটির ভিডিও। এছাড়াও গানটি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপএ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত