একদিন বিজেপি অন্যদিন তৃণমূলের পাশে সৌরভ

আপডেট : ০৮ মে ২০২২, ০৯:৫৮ পিএম

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বাড়িতে নৈশভোজে আমন্ত্রণ করার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। গত শনিবার কলকাতার ইএম বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতাল উদ্বোধনকালে এ কথা বলেন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সভাপতি। অনুষ্ঠানে তার পাশে ছিলেন স্ত্রী ডোনা গাঙ্গুলি এবং রাজ্যের পরিবহনমন্ত্রী ও তৃণমূল নেতা ফরহাদ হাকিম।

অমিত শাহসহ বিজেপির বেশ কয়েকজন নেতা গত শুক্রবার সৌরভের বাড়িতে নৈশভোজে গিয়েছিলেন। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীও। এরপরই সৌরভ বিজেপিতে যোগ দিচ্ছেন এমন গুঞ্জন শুরু হয়। তবে বিজেপি নেতাদের সঙ্গে নৈশভোজের পরের দিনই তৃণমূল মন্ত্রীর পাশে বসে ‘কলকাতার দাদা’ যেন বুঝিয়ে দিলেন, তার গায়ে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের রং লাগানো যাবে না।

এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৌরভপতœী ডোনা গাঙ্গুলি বলেন, রাজনীতির জগতের অনেকের সঙ্গেই তার (সৌরভ) ব্যক্তিগত সুসম্পর্ক রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও তার কাছের মানুষ। গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, অনেকে তো অনেক কিছুই বলে। তাই বলে সব কি সত্য হয়? এদিন বিসিসিআই সভাপতি জানান, চিকিৎসক সরোজ মণ্ডলের এ হাসপাতাল তৈরির ক্ষেত্রে কিছু সমস্যা ছিল। তা জানতে পেরে তিনি বছরখানেক আগে মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানান। এরপরই দ্রুত জটিলতা কেটে যায়। গুঞ্জন প্রসঙ্গে সৌরভ বলেন, অমিত শাহর সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। তার ছেলের সঙ্গে কাজ করি, ওনার সঙ্গে সম্পর্ক ২০০৮ সাল থেকে। নৈশভোজের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।

সৌরভ গাঙ্গুলি যতই রাজনীতি থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন না কেন, তাকে নিয়ে বিজেপি ও তৃণমূল কংগ্রেস উভয় দলই রাজনীতি করতে ছাড়েনি। গত বছর পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে জোর গুঞ্জন উঠেছিল সৌরভের বিজেপিতে যোগদানের বিষয়টি। বিজেপির কেন্দ্রীয় একাধিক নেতা সৌরভের সঙ্গে দেখাও করেছিলেন। বিজেপির একাধিক সূত্র তখন জানিয়েছিল, সৌরভকে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এবং তিনি তা বিবেচনা করছেন। কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়ে সৌরভ গাঙ্গুলি হাসপাতালে ভর্তি হওয়ার পর ওই আলোচনা আর সামনে এগোয়নি। তখন তৃণমূলের পক্ষ থেকে গাঙ্গুলির ক্রিকেট অ্যাকাডেমির মাঠ বরাদ্দ নিয়ে প্রশ্নও তোলা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত