সিনেমা হল নির্মাণে ঋণের আবেদন ডিসেম্বর পর্যন্ত

আপডেট : ০৮ মে ২০২২, ১১:০৫ পিএম

চলচ্চিত্রের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সিনেমা হলগুলোর জন্য গঠিত ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের ঋণ বিতরণের সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণ আবেদন করা যাবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। আগের নির্দেশনা অনুযায়ী আবেদনের নির্ধারিত মেয়াদ ছিল ৩১ মার্চ পর্যন্ত।

গতকাল কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা সার্কুলারে বলা হয়, তহবিলের আওতায় গ্রাহক পর্যায়ে ঋণসুবিধা দেওয়ার পর পুনঃঅর্থায়ন সুবিধার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে ২০২২ সালের ৩১ মার্চের মধ্যে আবেদন করতে আগের সার্কুলারে নির্দেশনা দেওয়া হয়। কিন্তু বিষয়টি গ্রাহক পর্যায়ে সঠিক সময়ে পৌঁছাতে না পারায় অনেকেই সুবিধাটি নিতে পারেননি। সে জন্য গ্রাহক পর্যায়ে সুবিধা দিতেই সময় বাড়ানো হয়েছে।

২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি দেশব্যাপী সিনেমা হল, সিনেপ্লেক্স সংস্কার ও নতুন নতুন সিনেমা হল, সিনেপ্লেক্স নির্মাণের উদ্দেশ্যে পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় স্বল্প সুদে ঋণের ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক। সার্কুলার অনুযায়ী, সিনেমা হল সংস্কার, আধুনিকায়ন ও নতুন হল নির্মাণে সর্বোচ্চ ১০ কোটি টাকা ঋণ দেওয়া হবে। ৫ শতাংশ সুদহারে বিভাগীয় অঞ্চল এবং এর বাইরের এলাকার জন্য সাড়ে ৪ শতাংশ সুদ নির্ধারণ করা হয়েছিল। আর এই ঋণ শোধ করা যাবে আট বছর পর্যন্ত। তবে ঋণ গ্রহণের প্রথম বছরে ঋণ পরিশোধে ছাড় মিলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত