সয়াবিনের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রয়োজনে কর্মসূচি : ফখরুল

আপডেট : ০৯ মে ২০২২, ০২:৩৭ এএম

সরকার নির্ধারিত মূল্যে বাজারে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিগত দিনে আমরা এক মাস রাজধানী ঢাকাসহ সারা দেশে কর্মসূচি পালন করেছি। প্রয়োজনে সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি দেওয়া হবে।’

গতকাল রবিবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির মূল কারণটি হচ্ছে এই সরকার দুর্নীতিবাজ। তারা সিন্ডিকেট নিয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। এই কারণে এভাবে জনগণের ওপর ভয়াবহ একটা অত্যাচার-নির্যাতন শুরু করেছে। এক লাফে যদি সরকারিভাবে ৩৮ টাকা বাড়িয়ে দেওয়া হয়। বাজারে তো আপনি ২২০ টাকায় তেল পাচ্ছেন না। তেল নেই, উধাও হয়ে গেছে। এটাই হচ্ছে চোরাকারবারি, চোরাচালানের মূল বিষয়টা। সরকার তো এখন চোরাকারবারি হয়ে গেছে।’

গত বৃহস্পতিবার সরকার সয়াবিন তেলের বর্ধিত মূল্য তালিকা ঘোষণা করে। নতুন দর অনুযায়ী খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৮০ টাকা, যা এতদিন ১৪০ টাকা ছিল।  বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৬০ থেকে বাড়িয়ে ১৯৮ টাকা করা হয়েছে। ৫ লিটারের বোতলের দাম হবে ৯৮৫ টাকা। কিন্তু বাজারে সরকার নির্ধারিত দামে তেল পাচ্ছে না জনগণ। এ অবস্থায় গত শুক্রবার বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি সরকারের চরম গণবিরোধী নীতির বহিঃপ্রকাশ। এই সরকার যে জনগণের শত্রু, সয়াবিন তেলের দাম বৃদ্ধিতে তা আবারও প্রমাণ হলো।’

তিনি বলেন, ‘ভোজ্য তেল হিসেবে সয়াবিন তেল অত্যন্ত প্রয়োজনীয় একটি পণ্য। প্রতিটি পরিবারে রান্নার কাজে এটি অত্যাবশ্যকীয় উপকরণ। নিত্যপ্রয়োজনীয় এ পণ্যকে সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়াই সরকারের প্রধান লক্ষ্য।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত