ঈদের সাড়া জাগানো নাটক

আপডেট : ১০ মে ২০২২, ১২:৪৮ এএম

ঈদুল ফিতরের টিভি আয়োজন শেষ হয়েছে গতকাল। কয়েক শ নাটক প্রচারিত হয়েছে বিভিন্ন টিভি চ্যানেল ও ইউটিউবে। তবে এবার কোনো নাটকই হয়ে ওঠেনি ‘টক অব দ্য টাউন’। তবে এত নাটকের ভিড়ে কিছু ভালো নাটক হয়েছে। সবচেয়ে এগিয়ে আছে আরটিভির নাটক সৈয়দ শাকিল পরিচালিত ‘একটা নির্জন দুপুর চাই’। এতে অভিনয় করেছেন ছোটপর্দার শীর্ষ নায়ক অপূর্ব ও জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সাধারণ দর্শক থেকে শুরু করে ফেইসবুক গ্রুপগুলোও এই নাটকের প্রশংসা করছে। ঈদের সাড়া জাগানো নাটকগুলোর নির্মাতা মিজানুর রহমান আরিয়ান, ভিকি জাহেদও জানালেন এই নাটকটি তাদের খুব পছন্দ হয়েছে। আরিয়ান এবার মাত্র একটি নাটকই করেছেন, নাম ‘শুরুটাই সুন্দর’। তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিণ অভিনীত এই নাটকের জন্য তিনি দারুণ সাড়া পাচ্ছেন বলে জানালেন। অন্য পরিচালকদের কাজ দেখেছেন কি না জানতে চাইলে জনপ্রিয় এই নির্মাতা দেশ রূপান্তরকে বলেন, “সব কাজ তো এখনো দেখা সম্ভব না। যা দেখেছি তার মধ্যে ‘একটা নির্জন দুপুর চাই’ খুব ভালো। এছাড়া মনে ধরেছে ‘ঘুণ’, ‘ভাঙা পুতুল’ ও ‘সাইলেন্স’ নাটকগুলো।”

‘ঘুণ’ নাটকের নির্মাতা ভিকি জাহেদ। অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী ও খায়রুল বাসার। শুধু এটিই নয়, এই নির্মাতার আরও দুটি নাটক উঠে এসেছে আলোচনায়। জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীর সেই নাটক দুটির নাম ‘শেষ দেখা’ ও ‘চম্পা হাউজ’। দুটিই প্রচার হয়েছে চ্যানেল আইতে। ভিকি জাহেদ দেশ রূপান্তরকে বলেন, ‘সবচেয়ে বেশি সাড়া পাচ্ছি শেষ দেখার জন্য। তবে চম্পা হাউজ মাত্র একদিনে যে সাড়া ফেলেছে তা অভূতপূর্ব।’ এবার ঈদে নিজের কাজের বাইরে এই নির্মাতার পছন্দের নাটকের মধ্যে রয়েছে একটি নির্জন দুপুর চাই। সাফা কবির অভিনীত ‘নয়নতারার গল্পগাথা’র লুকও তার ভালো লেগেছে।

আলোচনায় এসেছে মাবরুর রশীদ বান্নাহর একাধিক নাটক। এই নির্মাতা সবচেয়ে বেশি সাড়া পাচ্ছেন জনপ্রিয় জুটি তাহসান খান ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘আদার হাফ’ নাটকের জন্য। এছাড়া প্রশংসা কুড়িয়েছে এই নির্মাতার ‘ও আমার বোন না’ নাটকটি। অভিনয় করেছেন জোভান, ঐশী ও সাবেরী আলম। বান্নাহ দেশ রূপান্তরকে বলেন, ‘আমি এবার বেশকিছু কাজ করেছি। তবে সব কাজ এখনো প্রচারিত হয়নি। যারমধ্যে রয়েছে ১৯টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সব প্রচারের পর আমার কাজগুলো নিয়ে আরও আলোচনা শুনব বলে প্রত্যাশা করছি।’

ঈদের সময় রোমান্টিক নাটক বরাবরই পছন্দ দর্শকের। তেমনি কিছু নাটক এবারও ভালো সাড়া জাগিয়েছে। যেমন, নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় আফরান নিশো-সাবিলা নূর অভিনীত ‘রুমমেট’, প্রবীর রায় চৌধুরীর পরিচালনায় মেহজাবীন চৌধুরী ও জোভান অভিনীত ‘লাভ ভার্সেস ক্রাস ২’, মহিদুল মহিমের পরিচালনায় অপূর্ব ও মেহজাবীন চৌধুরী অভিনীত ‘প্রিয়জন’, রুম্মান রশীদ খানের রচনায় আফরান নিশো-মেহজাবীন জুটির নাটক ‘টু বাই টু’, শিহাব শাহিনের নির্মাণে অপূর্ব-সাবিলা নূর জুটির ‘অঘটন’, ইরফান সাজ্জাদ-সাফা কবির অভিনীত ‘অ্যারেঞ্জ ম্যারেজ’, কাজল আরিফিন অমির ‘দ্য কিডনাপার’ নাটকগুলো।

কিছু নাটক দেখতে দর্শক হুমড়ি খেয়ে পড়েছে ইউটিউবে। এবার ঈদে দর্শক ভিউয়ে এগিয়ে আছেন নির্মাতা কাজল আরিফিন অমি। তার একাধিক নাটক শীর্ষে অবস্থান করছে। এরমধ্যে ‘ব্যাড বাজ’ নাটকটি গতকালই প্রকাশিত হয় ক্লাব ইলেভেন ইউটিউব চ্যানেলে। প্রথম দিনেই নাটকটি তিন মিলিয়ন ভিউ অতিক্রম করে। তবে তার চেয়ে চমক দেখিয়েছে এই নির্মাতার নাটক ‘ব্যাচেলর রমযান’। নাটকটি মাত্র তিন ঘণ্টায় তিন মিলিয়নের বিরল রেকর্ড গড়েছে। আর একদিনে নাটকটি ৫ মিলিয়ন ইউটিউব ভিউ অতিক্রম করে। নির্মাতা অমি দেশ রূপান্তরকে বলেন, ‘আমি দর্শকের কথা ভেবেই কাজ করি। তাদের মন জয় করতে গিয়ে ব্যক্তিগত অনেক বিষয়ে ছাড় দিতে হয়। এই যেমন, এখনো আমি ঈদ উদযাপন করতে পারিনি। গতকাল পর্যন্ত ছিলাম এডিটিং প্যানেলে। এখনো ঈদের খাবারও কপালে জোটেনি ব্যস্ততার জন্য। অন্যের কাজ তো দূরের কথা, নিজের কাজও দেখার সুযোগ পাইনি।’ তিনি আরও বলেন, ‘ব্যাচেলর রমযান’ নাটকটি নিয়ে প্রত্যাশা ছিল। কারণ এটি আমার হিট ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট-এর চরিত্রগুলো নিয়েই করা। তবে ‘ব্যাড বাজ’ নাটকটি আমাকে চমকে দিয়েছে। কারণ এটা একেবারেই নতুন একটি গল্প। এতো সাড়া ফেলার কারণ, এটি এমন একদল বন্ধুর গল্প, যাদের স্বপ্নগুলো আমাদের সবার স্বপ্নের সঙ্গে মিলে যায়। গতকাল রাতে আরেকটি নাটক এসেছে ‘ফিমেল ২’ নামে। এই নাটকটি আরও ভালো সাড়া ফেলবে বলে আমার বিশ্বাস।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত