আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় অবস্থান নির্ধারণ করতে দলের স্থায়ী কমিটির বৈঠক করেছে বিএনপি। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের তরফে যে বক্তব্য এসেছে তা পর্যালোচনা করেছেন নেতারা। আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করে সংসদ নির্বাচনের বিষয়ে দলের অবস্থান তুলে ধরবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে গতকাল সোমবার রাতে এ তথ্য জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির একজন প্রভাবশালী সদস্য।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই নেতা দেশ রূপান্তরকে বলেন, ‘দাউদকান্দিতে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বাড়িতে এবং চান্দিনায় এলডিপি সাধারণ সম্পাদক রেদোয়ান আহমেদের বাড়িতে হামলা কোনো সাধারণ ঘটনা নয়। এগুলো পরিকল্পিত। সরকার নির্বাচন নিয়ে এখন যা বলছে তা প্রতারণার অংশ।’
তিনি আরও বলেন, ‘একদিকে বলছে নির্বাচন কমিশন স্বাধীন, অন্যদিকে সরকারই সিদ্ধান্ত দিচ্ছে ইভিএমে সারা দেশের ৩০০ আসনে ভোট হবে।’
স্থায়ী কমিটির বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
এদিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানিয়েছেন আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা হবে। পরে দুপুর ১২টায় সেখানে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন মির্জা ফখরুল। যেখান থেকে ভোজ্য তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কর্মসূচির ঘোষণা আসতে পারে।
