প্রতিটি ফ্রেমের সঙ্গেই জড়িয়ে আছি

আপডেট : ১০ মে ২০২২, ১১:৩০ পিএম

সিয়াম আহমেদ অভিনীত ‘শান’ সিনেমা ইতিমধ্যেই সাড়া ফেলেছে। সিনেমাটি ঘিরে কথা হলো তার সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত

সাড়া...

‘শান’ সিনেমার জন্য এখন পর্যন্ত বেশ ভালো সাড়া পাচ্ছি। প্রচারণা থেকে শুরু করে সব কিছুতেই প্রচুর কষ্ট করেছি সিনেমাটার জন্য। আর অডিয়েন্স যখন সিনেমা দেখে তাদের ভালোবাসাটা প্রকাশ করে তখন ভালো লাগে। শান বানানো হয়েছে দর্শকদের রিঅ্যাকশন বোঝার জন্য। হলে হলে প্রচারণায় গিয়ে আমি দর্শকদের সেই রিঅ্যাকশনটা সরাসরি দেখেছি। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। তাদের সঙ্গে রিলেট করতে পেরেছি। শুধু আমাদের সিনেমা নয়, বাকি সিনেমাগুলো নিয়েও যে মানুষ কথা বলছে সেটা ভালো লাগছে। আর কোনো নতুন কিছু ট্রাই করার সময় কোনোকিছু বোঝা যায় না। তবে নতুন কিছু করার চেষ্টার সময় আলাদা একটা উত্তেজনা থাকে। দিনের শেষে আমাদের এই ধরনের চ্যালেঞ্জ নেওয়ার জন্যই কাজ করা যে নতুন কিছু করব যা অডিয়েন্স পছন্দ করবে। যেগুলো কমতি থাকবে সেগুলো আরও বেটার করার চেষ্টা করব।

সিয়াম বনাম শাকিব...

আপনি যেটা বললেন যে, এবারের ঈদে সিয়ামের কাছে শাকিব ধরাশায়ীএরকম কথা যারা বলছেন সেটা ঠিক বলছেন না। কারণ আমার এতদিনের ক্যারিয়ারই হয়নি যে ওনার সঙ্গে তুলনা করা যায়। আর উনি সিনিয়র একজন আর্টিস্ট, ওনাকে ছোট করে বলা কথার সঙ্গে আমি একমত হতে পারি না। আমার মনে হয় ঈদের সিনেমাগুলো নিয়ে যে আলোচনা হচ্ছে সেটা সব সিনেমারই ক্রেডিট। আর দিনের শেষে কেউ এগিয়ে থাকবে কেউ পিছিয়ে থাকবেসেটাই স্বাভাবিক। দর্শক যাদের লুফে নেবে তারাই বিজয়ী হবে। আপনি দেখেন এখন যেভাবে দর্শক সিনেমাগুলো দেখছে এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আরও বিনিয়োগকারীরা সিনেমায় লগ্নি করতে উৎসাহী হবেন। এতে করে ইন্ডাস্ট্রি আরও ভালোর দিকে যাবে। হলগুলোও সংস্কার করা হবে। দর্শকরাও ভালো সিনেমা দেখতে পাবে।

দর্শক হিসেবে মূল্যায়ন...

দর্শক হিসেবে নিজের সিনেমাকে মূল্যায়ন কখনোই করতে পারব না। কারণ সিনেমাটির নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে আমি জড়িত। এই সিনেমার প্রতিটি ফ্রেমের সঙ্গেই জড়িয়ে আছি। যে সিকোয়েন্সে আমার শট ছিল না সেই সিকোয়েন্সের সঙ্গেও আমি জড়িত, কারণ আমি তখন সেখানেই পেছনে ছিলাম। ফলে আমার পক্ষে নিজের সিনেমার মূল্যায়ন করা সম্ভব না। তবে আমার কাছে সিনেমাটা বিনোদনমূলক লেগেছে। আমার কাছে বোরিং লাগেনি। যতটুকু আরও বেটার করার জায়গা থাকে, তাতে আমাদের টিম যেভাবে বাহবা পেয়েছে যেভাবে অনুপ্রেরণা পেয়েছে তাতে আমি মনে করি তারা সেটা পরবর্তীকালে পুষিয়ে নেবেন।

মুক্তি পাচ্ছে ‘পাপ-পুণ্য’...

এ মাসেই আমার ‘পাপ-পুণ্য’ ছবি মুক্তি পাচ্ছে। এই সিনেমার চরিত্র নিয়ে আপাতত কিছু বলতে চাই না। এই সিনেমায় আমার নাম আলামীন। আলামীন মানে বিশ্বাসী। নামটাই অনেক কিছু বলে দেয়। আর এই সিনেমায় আমি প্রথমবারের মতো গিয়াস উদ্দিন সেলিমের সঙ্গে কাজ করেছি। চঞ্চল চৌধুরী, মিমি আপার সঙ্গে প্রথমবার কাজ করেছি। এখানে বাংলাদেশের, আমাদের নিজেদের গল্প বলা হয়েছে। এটা পরিবার নিয়ে দেখার মতো সিনেমা। আমরা হলে যেটা মিস করি মহিলা দর্শক। এই সিনেমা দেখতে প্রচুর মহিলা দর্শক হলে আসবেন বলে আমি মনে করি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত