মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি বার্সার আরাউহো বিপদমুক্ত

আপডেট : ১১ মে ২০২২, ০১:৩০ পিএম

পিয়েরে-এমেরিক অউবামেয়াংয়ের জোড়া গোলে দাপুটে জয় পেয়েছে বার্সেলোনা। ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে সেল্তা ভিগোর বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতেছে কাতালান জায়ান্টরা।

তবে বার্সার জয় ছাপিয়ে শঙ্কা তৈরি হয় তাদের উরুগুইয়ান ডিফেন্ডার রোনান্ড আরাউহোকে নিয়ে। মাথায় আঘাত পাওয়ায় অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় ২৩ বছর বয়সী তারকাকে।

ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঝমাঠে ওপরে থাকা বলে হেড দিতে গিয়ে সতীর্থ গাভির সঙ্গে ধাক্কা লাগে আরাউহোর। মাথায় আঘাত পেয়ে পড়ে যান তিনি। উঠেও দাঁড়াতেও পারছিলেন না আরাউহো। এরপর মাঠে দীর্ঘক্ষণ চিকিৎসা দেওয়ার পর তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৬৮তম মিনিটে তার বদলি হিসেবে মাঠে নামেন আরেক ডিফেন্ডার ক্লেমেন্ত লংলে।

আরাউহোর অবস্থা সম্পর্কে বার্সা কোচ জাভি জানান, ‘চিকিৎসকরা জানিয়েছেন তার জ্ঞান ফিরেছে। তাকে রাতে হাসপাতালে থাকতে হবে। তবে সে বিপদমুক্ত।’

তিনি আরও বলেন, ‘চিকিৎসকরা জানিয়ছেন, আমাদের চিন্তিত হওয়ার দরকার নেই। সতর্কতা হিসেবে তাকে রাতে হাসপাতালে থাকতে হবে।’

সেল্তার বিপক্ষে ৩০তম মিনিটে বার্সাকে এগিয়ে দেন মেমফিস ডিপাই। এরপর ৪১ ও ৪৮তম মিনিটে দলের বাকি গোল দুটি করেন অউবামেয়াং। বার্সার দুটি গোলে অ্যাসিস্ট করেন ওসমানে দেম্বেলে। লা লিগার চলতি মৌসুমে সর্বোচ্চ ১৩ অ্যাসিস্ট করলেন ফরাসি তারকা।

৫৮তম মিনিটে ১০ জনের দল হয়ে পড়ে সেল্তা। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মুরিলো। তার ৮ মিনিট আগে সেল্তার হয়ে একটি গোল শোধ করেন ইয়াগো আসপাস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত