বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১২ মে ২০২২, ১২:৫০ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি কখনোই শ্রীলঙ্কার মতো হবে না। উনি দিবাস্বপ্ন দেখছেন। এ দেশের মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। বিএনপি ক্ষমতায় আসলে তারা আবার দেশকে পেছনের দিকে নিয়ে যাবে। সে কারণে জনগণ তাদের সঙ্গে নেই।

গতকাল বুধবার দুপুরে খুলনা শিপইয়ার্ড লিমিটেডে (খুশিলি) বাংলাদেশ কোস্টগার্ডের জন্য নির্মিত একটি ফ্লোটিং ক্রেন, দুটি টাগবোট, ছয়টি হাই-স্পিডবোট এবং নারায়ণগঞ্জের ডিইডব্লিউ নির্মিত একটি ইনশোর প্যাট্রল ভেসেল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জনগণের আস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। জনগণ জানে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। দেশের মানুষ বিশ্বাস করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জনগণকে যে প্রতিশ্রুতি দেন তা বাস্তবায়ন করেন। এজন্য বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তাও তুঙ্গে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে যে কোস্টগার্ডের যাত্রা শুরু হয়েছিল, তা এখন সত্যিকার অর্থে গার্ডিয়ান অব সি হিসেবে পরিচিতি লাভ করেছে উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, ‘বাংলাদেশের বাণিজ্যের ৯০ শতাংশই সমুদ্রপথে সম্পন্ন হয়। এছাড়া প্রতিবেশী দেশসমূহের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারিত হওয়ায় বঙ্গোপসাগরে বিশাল সমুদ্র সম্পদের ভা-ার আমাদের অধিকারে এসেছে। এগুলো আহরণ ও সমুদ্রগামী জাহাজসমূহের নিরাপত্তা বিধানে বাংলাদেশ কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধিতে বহুমুখী পদক্ষেপ নিয়েছে সরকার। কোস্টগার্ডের জন্য খুশিলি নির্মিত এসব বোট হস্তান্তরের মাধ্যমে তাদের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।’ স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক মানদ- বজায় রেখে এসব বোট নির্মাণের জন্য খুলনা শিপইয়ার্ড লিমিটেডকে ধন্যবাদ জানান।

খুলনা শিপইয়ার্ড লিমিটেড কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভেন লিউইন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, খুলনা নেভাল এরিয়ার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম আনোয়ার হোসেন ও বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর এম সামছুল আজিজ। পরে স্বরাষ্ট্রমন্ত্রী টাগবোট ঘুরে দেখেন এবং এর কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

খুলনা শিপইয়ার্ড লিমিটেডের কর্মকর্তারা জানান, টাগবোটদ্বয় ৩ হাজার ৫০০ টন ওজনের যেকোনো জাহাজের বার্থিং/আন বার্থিং, টোউ, পুশ/পুল অপারেশন ছাড়াও ফায়ার ফাইটিং, অন্য জাহাজের দুর্ঘটনাকালীন সহযোগিতা, ডুবন্ত জাহাজের উদ্ধার অভিযান ইত্যাদি জরুরি কাজ সম্পাদনে ব্যবহৃত হবে। এছাড়া অন্যান্য বোটগুলো দ্বারা উপকূলীয় এলাকায় নিয়মিত টহল প্রদান, চোরাচালানবিরোধী অভিযান, মাদক পাচারবিরোধী অভিযান, দুর্ঘটনা-পরবর্তী উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম, মৎস্য সম্পদ সংরক্ষণ, প্রাকৃতিক দুর্যোগ-পরবর্তী উদ্ধার ও ত্রাণ তৎপরতা পরিচালনা, পরিবেশ দূষণ প্রতিরোধ ইত্যাদি নানাবিধ কার্যক্রমসহ বাংলাদেশ কোস্টগার্ডের সার্বিক অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত