রাজধানীর মতিঝিল ও মিরপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন দুই ব্যবসায়ী। তাদের কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা খোয়া গেছে বলে অভিযোগ করেছেন। গতকাল বুধবার বিকেলে ও সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন গার্মেন্টস এক্সেসরিজ ব্যবসায়ী মিজানুর রহমান (৪৮)। তার ভাই মো. রানা জানান, মগবাজার মসজিদ গলি এলাকায় তাদের বাসা। ব্যবসার কোনো কাজে মতিঝিল এলাকায় গিয়েছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে একটি সিএনজি অটোরিকশাচালক তাকে মগবাজারের বাসার কাছে নিয়ে যান। পরে স্বজনরা খবর পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যান।
এদিকে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মিরপুরে চলন্ত বাসে হকারের কাছ থেকে হারবাল ওষুধ খেয়ে নজরুল ইসলাম ফরিদ (৪৫) নামে এক ব্যবসায়ী অজ্ঞান হয়ে পড়েন। তার কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।
আবদুল আহাদ নামে ফরিদের এক স্বজন জানান, ফরিদের বাসা বংশাল সুরিটোলায়। গুলিস্তানে আল আমিন কোকারিজ সুপার মার্কেটে ‘এফএ সুইং মেশিন’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার। বিকেলে দিশারি পরিবহনের একটি বাসে করে তিনি মিরপুর যাচ্ছিলেন মালামাল কিনতে। ভুক্তভোগী ফরিদ জানান, বাসে এক হকার উঠেছিল হারবাল ওষুধ বিক্রি করতে। তখন তিনিসহ বাসের আরও ৪-৫ যাত্রী ওই হকারের কাছ থেকে ট্যাবলেট জাতীয় ওষুধ সেবন করেন।
