বাংলাদেশিদের জন্য শ্রীলঙ্কায় হটলাইন চালু

আপডেট : ১২ মে ২০২২, ০২:১৬ এএম

শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশিদের জন্য যেকোনো জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য হটলাইন চালু করেছে দেশটিতে বাংলাদেশ হাইকমিশন।

গতকাল বুধবার শ্রীলঙ্কায় বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়ে বলেছে, যেকোনো জরুরি পরিস্থিতিতে শ্রীলঙ্কায় থাকা বাংলাদেশি নাগরিকরা বাংলাদেশ হাইকমিশনের ০৭৪২১৫৮৭৫০, ০৭১২৪০৬৩১৩ এই নম্বরে যোগাযোগ করতে পারবে।

কূটনৈতিক সূত্র বলছে, দেশটির বর্তমান পরিস্থিতি বিবেচনায় এরই মধ্যে বিশে^র বিভিন্ন দেশ শ্রীলঙ্কা ভ্রমণে তাদের নাগরিকদের সতর্ক করেছে।

বাংলাদেশ এমন সতর্কতা জারি না করলেও হটলাইন চালু করছে, যাতে বাংলাদেশিরা সেখানে বিপদে পড়লে হাইকমিশন দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে সমাধান করতে পারে। শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশিরা ভালো ও নিরাপদে আছেন। তাদের বেশিরভাগের সঙ্গেই যোগাযোগ রক্ষা করছে ওই দেশের বাংলাদেশ দূতাবাস।

শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার তারেক মো. আরিফুল ইসলাম গতকাল বুধবার দেশ রূপান্তরকে বলেন, দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরা ভালো আছে। শ্রীলঙ্কার বাংলাদেশিদের আমরা জানিয়েছি তারা যেন তাদের প্রয়োজনের বিষয়টি আমাদের জানান।

শ্রীলঙ্কায় কত বাংলাদেশি রয়েছেন এ প্রশ্নে তিনি বলেন, ‘কভিডের সময় অনেক বাংলাদেশি এখান থেকে চলে গেছেন। এখন প্রায় ৩০০-এর মতো আছেন বলে ধারণা করা হয়। এদের বড় একটি অংশ কলম্বোতে থাকেন। আরও কিছু বাঙালি কয়েকটি অঞ্চলে ছড়িয়ে রয়েছে। বাংলাদেশিদের মধ্যে কিছু জাতিসংঘ সংস্থা, বহুজাতিক কোম্পানিতে কাজ করছে। এছাড়া শ্রমিকও কিছু আছে। খুব অল্পসংখ্যক ছাত্র রয়েছে।’

কলম্বোর পরিস্থিতি সম্পর্কে আরিফুল ইসলাম বলেন, ‘এখানে বিদ্যুৎ ও তেলের বড় ধরনের সংকট আছে। বর্তমানে তেল পাওয়া যাচ্ছে না এবং প্রতিদিন কয়েক ঘণ্টা লোডশেডিং হচ্ছে।’

শ্রীলঙ্কায় চরম রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা বিরাজ করছে। মাহিন্দা রাজাপাকসে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন। এ সপ্তাহে সরকার দলের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে কয়েকজন ইতিমধ্যে নিহত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত