পর্যটন ও স্বাস্থ্যে ফিলিপাইনের বিনিয়োগ আহ্বান

আপডেট : ১২ মে ২০২২, ১১:৪৮ পিএম

পর্যটন ও স্বাস্থ্য খাতের উন্নয়নে ফিলিপাইনকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজওয়ান রাহমান। গতকাল বৃহস্পতিবার ডিসিসিআই কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত অ্যালেন এল ডেনেইগার সঙ্গে সৌজন্য সাক্ষাতে রিজওয়ান রাহমান এ আহ্বান জানান।

রিজওয়ান রাহমান বলেন, পর্যটন ও স্বাস্থ্য খাতে ফিলিপাইন অনুকরণীয় সাফল্য দেখিয়েছে এবং বাংলাদেশের এ দুটি খাতের উন্নয়নে ফিলিপাইন সহায়তা ও বিনিয়োগ করতে পারে। বিশেষ করে দক্ষ নার্স তৈরিতে এদেশে ‘নার্সিং ইনস্টিটিউট’ স্থাপনে ফিলিপাইনের রাষ্ট্রদূতকে প্রস্তাব দেন তিনি।

ফিলিপাইনের রাষ্ট্রদূত অ্যালেন এল ডেনেইগা বলেন, এলডিসি হতে বাংলাদেশের উত্তরণপরবর্তী সময়ে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণে ফিলিপাইনসহ আসিয়ান অঞ্চলের অন্য দেশগুলোর সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে সরকারি পর্যায়ে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

তিনি বলেন, অর্থনৈতিক ও সামাজিক খাতের উন্নয়নে বাংলাদেশ ইতিমধ্যে ‘রোল মডেল’ হিসেবে স্বীকৃতি পেয়েছে, যার সুফল দেশের জনগণসহ অর্থনীতিতে প্রতিফলিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত