কুড়িগ্রামের চিলমারীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার জেরে গরম তেল ছুড়ে এক যুবকের শরীর ঝলসে দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ পুরাতন বাজারে এ ঘটনা ঘটে। সাদ্দাম হোসেন (৩০) নামে দগ্ধ ওই যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে দুজনকে। স্থানীয়রা জানান, আহত ওই যুবক উপজেলার জোড়গাছ পুরাতন বাজারের মৃত আউয়ালের ছেলে। জোড়গাছ পুরাতন বাজারে চায়ের দোকানে কাজ করেন তিনি। গত বুধবার পাশের চায়ের দোকানের এক কর্মচারী সেলিমের কাছে পাওনা টাকা চাওয়া নিয়ে বিতণ্ডা হয় তার। এরই জের ধরে গতকাল দুপুরের দিকে সাদ্দামের বড় ভাই জীবনকে হঠাৎ আক্রমণ করে ওই চায়ের দোকানে মালিক রঞ্জু মিয়া ও তার ছেলে আকাশ। ঘটনাস্থানে সাদ্দাম হোসেন এলে কিছু বুঝে ওঠার আগেই আকাশ গায়ে গরম তেল ঢেলে দেয়।
আহত সাদ্দাম বলেন, ‘আমি ২০০ টাকা পাই সেলিমের কাছে, সেই টাকাই তো চেয়েছি। কিন্তু তারা সবাই মিলে আমার গায়ে গরম তেল ঢেলে দিয়েছে।’
চিলমারী মডেল থানার ওসি আতিকুর রহমান বলেন, এ ঘটনায় অভিযুক্ত দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
