শতাধিক ‘ধর্ম ব্যবসায়ী’র সন্দেহজনক আর্থিক লেনদেনের তদন্ত চেয়ে দুর্নীতি দমন কমিশনে দেওয়া তালিকা ও শ্বেতপত্র নিয়ে হেফাজতসহ ইসলামি দলগুলোর ‘হুমকি’ হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে উল্লেখ করেছে ‘বাংলাদেশে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন’। গতকাল দেওয়া এক বিবৃতিকে গণকমিশনের সদস্য সচিব ব্যারিস্টার তুরিন আফরোজ এ কথা বলেন।
গত বছর ফেব্রুয়ারি-মার্চে সাম্প্রদায়িক হামলা ও ধর্মীয় উন্মাদনার তদন্তে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এবং জাতীয় সংসদের আদিবাসী ও সংখ্যালঘুবিষয়ক ককাসের যৌথ উদ্যোগে এ গণকমিশন গঠিত হয়। সম্প্রতি তারা ‘বাংলাদেশে মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসের ২০০০ দিন’ শীর্ষক শ্বেতপত্র প্রকাশ করেছে। এ ছাড়া এই শ্বেতপত্র ও ১০০ সন্দেহভাজন ‘ধর্ম ব্যবসায়ী’র তালিকা দুদকে জমা দেয় কমিশন।
তবে ওই তালিকায় থাকা ধর্মভিত্তিক সংগঠন ও দলগুলোর মিশ্র প্রক্রিয়া দিয়েছেন। দলগুলোর নেতাদের একাংশ বলছেন, এ ধরনের তদন্তে তাদের আপত্তি নেই। আবার কিছু সংগঠন কমিশনের তথ্যকে বানোয়াট, ভিত্তিহীন ও মিথ্যা তথ্যে ভরপুর হিসেবে উল্লেখ করেছেন কোনো কোনো নেতা।
