চট্টগ্রামে তথ্যমন্ত্রী

শ্রীলঙ্কার মতো বিএনপি নেতারা পালিয়ে গেছে

আপডেট : ১৫ মে ২০২২, ০১:৫২ এএম

বিএনপিকে উদ্দেশ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, শ্রীলঙ্কার নেতারা এখন যেভাবে পালাচ্ছে, বিএনপির নেতারা সেভাবে আগেই পালিয়ে গেছে। তারেক রহমান ‘আমি আর রাজনীতি করব না’ মুচলেকা দিয়ে পালিয়ে গেছেন। ঢাকায় তাদের নেতা মাহবুবুর রহমানকে দলের নেতাকর্মীরা ধাওয়া করেছিল। ’৮০ সালে জিয়াউর রহমান যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান তখন তাকেও জুতা নিক্ষেপ করেছিল। এখন নিজেরা কীভাবে পালাবেন সেটির পথ খুঁজুন।

এ সময় আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন করার ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

গতকাল শনিবার সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় তারা এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘দীর্ঘসময় ক্ষমতায় থাকার কারণে দলের মধ্যে কিছু সুবিধাবাদী অনুপ্রবেশ করেছেন। যারা ১৩ বছর ধরে দল করছেন, তারা আওয়ামী লীগের দুঃসময় দেখেননি। তাদের ভাবতে হবে, কীভাবে সামনে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।’

হানিফ বলেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে তৃণমূলকে সংগঠিত করতে হবে। চট্টগ্রাম দক্ষিণ জেলার সব ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার সম্মেলন জুন থেকে জুলাই মাসের মধ্যে আমরা শেষ করব। এরপর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে জেলা সম্মেলন করতে চাই।

তিনি আরও বলেন, ‘শ্রীলঙ্কার সাম্প্রতিক পরিস্থিতি আমরা দেখেছি। তা দেখে বিএনপি দিবাস্বপ্ন দেখছে। তারা বলছে, বাংলাদেশের অবস্থা তেমন হবে। আমি বলছি, বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না। বাংলাদেশের কৃষি খাত শক্তিশালী হয়েছে। রপ্তানি আয় বেড়েছে। প্রবৃদ্ধি বেড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে অর্থনৈতিক সংকট হবে না। ষড়যন্ত্রকারীরা এসব অপপ্রচার চালাচ্ছে।’

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। তিনি বলেন, ‘আমরা উত্তর জেলায় অনেক সংসদ সদস্য পাই। কিন্তু দক্ষিণে আগে সেভাবে আসন পেতাম না। এখন পেয়েছি। যদি এখনই সংগঠনকে শক্তিশালী না করি, তাহলে আবার সংকটে পড়তে হবে।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘চট্টগ্রামে আর কোনো পকেট কমিটি হবে না। যোগ্যরা কমিটিতে আসুক। তাই প্রত্যেক উপজেলার জন্য আলাদা সমন্বয় কমিটি করা হয়েছে। তারাই জুলাইয়ের মধ্যে কমিটি করে কেন্দ্রকে জানাবে। এরপর দক্ষিণ জেলার বর্ধিত সভায় বিস্তারিত আলোচনা করে কমিটি ঘোষণা করা হবে।’

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়–য়া বলেন, ‘আজকে অনেকে শ্রীলঙ্কার অবস্থা দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখায়। সবার জানা দরকার শ্রীলঙ্কার বৈদেশিক রিজার্ভ ৫০ মিলিয়ন, পাকিস্তানের বৈদেশিক রিজার্ভ ১০ দশমিক ৫ বিলিয়ন, শ্রীলঙ্কা ও পাকিস্তানের বৈদেশিক রিজার্ভ যোগ করলে ১১ বিলিয়ন। এর মধ্যে বাংলাদেশে বৈদেশিক রিজার্ভ হচ্ছে ৪১ বিলিয়নের বেশি। অর্থাৎ শ্রীলঙ্কার ও পাকিস্তানের চেয়ে আমাদের দেশে চার গুণ বৈদেশিক রিজার্ভ রয়েছে; যা দিয়ে ৬ মাসের আমদানি ব্যয় মেটানোর সক্ষমতা রয়েছে। আজকে আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই বাংলাদেশ কখনো পাকিস্তান হবে না।’

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চায় সভায় আরও বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, আওয়ামী লীগ অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী ও মোস্তাফিজুর রহমান চৌধুরী, ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা প্রমুখ। সভায় তৃণমূল নেতারা কমিটি গঠন, মনোনয়ন বাণিজ্য, নির্বাচনে নৌকার প্রার্থীকে পরাজিত করানোসহ নানা বিষয়ে কেন্দ্রীয় নেতাদের অভিযোগ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত